কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের কৃতি সন্তান মোসাঃ পাপিয়া আক্তার
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক
হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই সাফল্যে এলাকা জুড়ে আনন্দ ও উৎসবমুখর
পরিবেশ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোসাঃ পাপিয়া আক্তার
ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম
পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম জনাব মোঃ শাহ আলম। অত্যন্তমেধাবী ও
কর্মঠ এই কর্মকর্তা ৩৩তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন সদস্য।
তিনি
এলাকার ঐতিহ্যবাহী বাগড়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০০১ ব্যাচের শিক্ষার্থী
ছিলেন। বিদ্যালয় জীবন থেকেই তিনি অত্যন্তমেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিলেন
এবং মেধার স্বাক্ষর রেখে আজ তিনি শিক্ষা ক্যাডারের এই গুরুত্বপূর্ণ পদে
আসীন হয়েছেন।
বাগড়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০০১ ব্যাচের সহপাঠী এবং
স্থানীয় বাসিন্দারা জানান, পাপিয়ার এই অর্জন শুধু তাঁর পরিবারের নয়, বরং
পুরো ব্রাহ্মণপাড়া উপজেলার গৌরব। তিনি তরুণ প্রজন্মের জন্য, বিশেষ করে
এলাকার ছাত্র-ছাত্রীদের জন্য একটি বড় অনুকরণীয় দৃষ্টান্ত।
এ বিষয়ে জানতে
চাইলে এলাকার বিশিষ্টজনেরা বলেন, "আমাদের এলাকার সন্তান দেশের একটি অন্যতম
বড় শিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন, এটি অত্যন্ত
আনন্দের খবর। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি।"
পারিবারিক
সূত্রে জানা গেছে, মোসাঃ পাপিয়া আক্তার কর্মজীবনে আরও এগিয়ে যেতে এবং
শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা
করেছেন।
