শনিবার ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩
মেধা পাচার: উন্নয়নের আড়ালে নীরব বিপর্যয়
সোনিয়া তাসনিম
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১:০১ এএম আপডেট: ২০.০৬.২০২৬ ১:২৭ এএম |

 মেধা পাচার: উন্নয়নের আড়ালে নীরব বিপর্যয়
বাংলাদেশ ব্যাংকের হিসাব ২০২৪-২০২৫ অনুযায়ী, সে সময়ে বাংলাদেশিদের বিদেশে শিক্ষার ব্যয়ের অঙ্ক ৬৬ কোটি ২০ লাখ ডলার। বাংলাদেশি টাকায় ব্যয়কৃত ইতিহাসের এই সর্বোচ্চ ব্যয়ের অর্থের পরিমাণ, ৮ হাজার ৭৯ কোটি টাকা। (ডলারপ্রতি ১২২ টাকা হিসাবে)। চমকে গেলেন? এত দ্রুত চোখ গোলাকার করলে হবে না। কারণ, কেবল বিশাল ব্যয় নয়, সংখ্যার দিক থেকেও এই মুহূর্তে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী নিজেদের মেধা বগলদাবা করে পাড়ি জমাচ্ছে দূরদেশের পথে।
আপাতদৃষ্টিতে একে ইতিবাচক হিসেবেই দেখা যায়। কারণ, অ্যামাজন, গুগলের মতো প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পর্যায়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কর্মীর সংখ্যা যেখানে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সেখানে আমাদের দেশের মেধাবী তরুণরা নেতৃত্বস্থানীয় পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারলে সেটা নিঃসন্দেহে দেশের জন্য গর্ব। তবে এই অহমের তাজকে ছুঁয়ে দিতে আমরা কি রাষ্ট্রীয়ভাবে কোনো বিশাল প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছি? যদি হয়েও থাকি তবে কেন?
গভীরভাবে ভাবলে দেখা যাবে, ব্যক্তিগত উন্নতির আকাঙ্ক্ষার এই আনন্দযাত্রার নেপথ্যে রয়েছে রাষ্ট্রের উন্নয়নের পথে বিশাল হুমকি। পরিস্থিতি বিচারে একে আমরা বলতে পারি মেধা পাচার। যা নীরবে বয়ে আনতে পারে জাতীয় জীবনের জন্য এক গভীর বিপর্যয়।
যদি কোনো তরুণকে প্রশ্ন করা হয়, কেন সে বিদেশে পড়তে আগ্রহী? তাহলে চটজলদি অনেক বিষয় আমাদের সামনে চলে আসবে। একজন মেধাবী ছাত্রের কাছে এখন বিদেশ পাড়ি দেওয়া কেবল উচ্চশিক্ষা লাভ নয়, পাশাপাশি যে বিষয়গুলো তাকে এই পদক্ষেপে আগ্রহী করে সেগুলো হলো, সম্মানজনক পরিবেশ তথা নিরাপত্তা, যোগ্যতার মূল্যায়ন, দক্ষতার সঠিক ব্যবহার। মূলত বাংলাদেশের শিক্ষাব্যবস্থার বর্তমান পরিস্থিতি অনুযায়ী, একজন তরুণকে যখন ভালো রেজাল্ট করা সত্ত্বেও লম্বা সময় ধরে বেকারত্বের অভিশাপ বয়ে বেরাতে হয় এবং তার যোগ্যতার বিপরীতে লবিং সংস্কৃতি জোড়ালো হয়ে ওঠে, তখন দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থা ও কর্মক্ষেত্র নির্বাচনে সে স্বভাবতই হতাশ হয়ে পড়ে।
মূলত, আমাদের দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। উন্নয়ন হয়নি শিক্ষার মানসহ শিক্ষকদের প্রশিক্ষণ ও গুণগত দক্ষতা। বর্তমানে দেশে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যে হারে বাড়ছে তার চেয়ে দ্বিগুণ হারে পিছিয়ে পড়ছে শিক্ষার নীতিমালা ও এর গুণগত মান।
পড়াশোনার পরিবর্তে শিক্ষালয়গুলো অসুস্থ রাজনৈতিক চর্চামহলের আঁকড় হয়ে উঠছে। দলীয় রাজনীতির প্রভাব, গেস্টরুম কালচার, ভিন্নমত দমন-এমন সব বিষয় রীতিমতো এখন অভিভাবক থেকে শিক্ষার্থীমহলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। মেধার বদলে আনুগত্যকে প্রাধান্য দেওয়ায় শিক্ষার্থীরা তাদের নৈতিক জায়গা থেকে দুর্বল হয়ে পড়ছে। কেউ প্রচলিত কাঠামোর বাইরে কিছু ভাবতে গেলে তাকে প্রতিহত করা হচ্ছে, যার কারণে একজন প্রকৃত মেধাবী ক্রমশ এটি অনুধাবন করে, যেখানে ট্রেন্ডিং কাঠামো উপস্থিত, সেখানে নিজেকে প্রমাণ করা সম্ভব নয়। আর এই ক্ষোভ এবং নিরাপত্তাহীনতাই তাকে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য ভিন্ন ভাবনায় ধাবিত করতে বাধ্য করে।
প্রচলিত শিক্ষাব্যবস্থায় কোনোভাবে পাস করে সার্টিফিকেট অর্জন করেও দুশ্চিন্তার অবসান নেই। কারণ, একজন শিক্ষার্থীর বিষয়ভিত্তিক দক্ষতার ওপর তার চাকরির ব্যাপারটা নির্ভর করে না। যেমন, পলিটিক্যাল সায়েন্স কিংবা ইংরেজি বিষয়ে একজন স্নাতক ডিগ্রিধারীকে দেখা যায় ব্যাংকিং সেক্টরের কাজ করতে। অথচ এখানে তার শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ ভিন্ন। অনিচ্ছা থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে দক্ষতা প্রমাণে যখন কাউকে নিজের প্রকৃত মেধার বিপরীতে নিয়োজিত হতে হয়, তখন সেখানে ডিমোটিভেশন কাজ করবে, এটাই স্বাভাবিক। আমাদের দেশে যুগোপযোগী শিক্ষাব্যবস্থার অভাব বিশ্ববাজারের বহুমাত্রিক প্রতিয়োগিতায় অবতীর্ণ হতে অক্ষম। অপরপক্ষে আমাদের দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামও আন্তর্জাতিক মাপকাঠি অনুযায়ী প্রণীত হয় না। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোয় রাজনৈতিক পালাবদল, নির্লজ্জ রাজনৈতিক আগ্রাসনের কারণে শিক্ষার্থীদের অহেতুক দুর্ভোগ পোহাতে হয়।
এবার আসা যাক শিক্ষকদের বিষয়ে-শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর। এখন যদি কারিগরের কারিগরি প্রশিক্ষণেই গোলমাল থাকে, তবে? আমাদের শিক্ষা খাতের বিষয়টা এখানে এমনই। গোড়াতেই গলদ যাকে বলে। কী করে? দেশের ইউনিভার্সিটিগুলোর ভিসি, প্রো-ভিসি, প্রফেসর এসব গুরুত্বপূর্ণ পদ চাটুকারিতার প্রভাবে অনেক অযোগ্য লোকেরা অলংকৃত করে তুলছেন, যার খেসারত শিক্ষার্থীদের মেটাতে হয়। পাশাপাশি আমাদের এখানে পুঁথিগত শিক্ষাটাকেই মূল ভিত্তি বলে বিবেচনা করা হয়। কারিগরি শিক্ষা থাকে উপেক্ষিত। অথচ হাতে-কলমে উপযুক্ত প্রশিক্ষণ না হলে দক্ষ জনশক্তি তথা দক্ষ মেধার বিকাশ ঘটা অসম্ভব। এই গুরুত্বপূর্ণ ব্যাপারটা কেন যেন সব সরকারের অগোচরেই থেকে যায়। সঙ্গে দেশে গবেষণাভিত্তিক কাজগুলো করা যতটুকু কঠিন, সীমিত আবার ততটুকু জটিলও। যে কারণে এখন কেবল ডাক্তার, প্রকৌশলী নয় বরং গবেষক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞসহ সৃজনশীল তরুণরা ভিনদেশে পাড়ি জমাতে উদগ্রীব।
যেখানে সময়ের গতিতে দাঁড়িয়ে আজকের বিশ্ব ভিন্ন কিছু করার স্বপ্ন দেখে, সেখানে আমাদের মেধাবী তরুণরা একগাদা সার্টিফিকেট নিয়ে চাকরির আশায় এখানে-ওখানে ধরনা দিয়ে বেড়ায়। প্রচলিত সেকেলে ধারা থেকে কেন যেন আমাদের শিক্ষা ও কর্মব্যবস্থার যথাযথ মুক্তি মিলছে না কোনোভাবেই। আমরা আজ ড্রোন প্রযুক্তি থেকে নানা আধুনিক প্রযুক্তির জন্য দেশের বাইরে মোটা অঙ্কের বিনিয়োগ করে নিজেদের আধুনিক করে তুলতে চাই। অথচ এই বিনিয়োগের অর্ধেকটাও যদি নিজ দেশের গবেষণা খাতে করতাম, তবে আজকের বাংলাদেশের চেহারাটা হয়তো অন্যরকম হতো। যেখানে গবেষণা থেকে উদ্ভাবন ও স্বাধীনচর্চার রাস্তা এতটা বন্ধুর, সেখানে শিক্ষার্থীরা বাস্তব জায়গা থেকে দুর্বল হবে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই।
এতে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে অপূরণীয়। কারণ, একটি দেশের উন্নয়নের মাপকাঠি কেবল অবকাঠামোগত উন্নয়নের ওপর নির্ভর করে না। একটি প্রগতিশীল জাতি গড়ে উঠতে দরকার দক্ষ মানবসম্পদ। একজন মানসম্মত ডাক্তার কিংবা গবেষক গড়ে তুলতে রাষ্ট্রের একটা লম্বা সময়ের শ্রম ও অর্থ ব্যয় করার পর তারা যখন অন্য দেশের উন্নয়নে অবদান রাখে, তখন তা আপাত দৃষ্টিতে আমাদের বুক ফুলিয়ে তুললেও পরোক্ষভাবে ক্ষতিটা আমাদেরই হয়। আর আমাদের প্রচলিত অব্যবস্থাপনা ও দুর্নীতি একজন শিক্ষার্থীর মগজে এই নীতিটাই ঠুঁসে দেয়–যোগ্য হলেই দেশ ছাড়তে হবে। কারণ, এখানে ভবিষ্যৎ নেই।
মূলত, গণ-অভ্যুত্থান-পরবর্তী অনেকেই দেশে ইতিবাচক পরিবর্তন আশা করলেও প্রকৃতপক্ষে মিলেছে শুভংকরের ফাঁকি। যেখানে আশা করা হয়েছিল ‘রিভার্স ব্রেইন ড্রেইন’ হবে, সেখানে বাস্তব ছিল পুরোটাই উল্টো। রাজনৈতিক পট বদলালেও শ্রমবাজারে অনিশ্চয়তা, মন্থর গতির সরকারি নিয়োগ, রাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকায় তরুণ শিক্ষার্থীদের হতাশা একই রকম রয়েছে। ফলে ফলাফল যা হওয়ার তাই হচ্ছে।
সরকার বদলে মুখ পরিবর্তন হয়, কিন্তু ভাগ্য বদলায় না আমজনতার। মসনদে থাকা শক্তি বারবার জনগণের স্পন্দন বুঝতে ভুল করে ফেলে, নচেৎ এড়িয়ে যায়। আমাদের যুবসমাজ যেখানে তাদের দক্ষতা প্রমাণে উদগ্রীব, সেখানে সময়সীমা বেঁধে বেকার ভাতার মূলা ঝুলিয়ে নিলে তাদের আত্মমর্যাদা ক্ষুণ্ন হওয়াটাই স্বাভাবিক। ভাতা বা রেশন হয়তো সাময়িক সমাধান দেবে, পূর্ণাঙ্গ সমাধন নয়। অতএব, প্রতিশ্রুতি এবং কার্যক্রমের মধ্যে সুষম মেলবন্ধন ঘটানো প্রয়োজন। এই দায়িত্ব রাষ্ট্র তথা সরকারের।
মেধাবী এই সমাজকে দেশের কাজে লাগাতে হলে তাদের জন্য একটি দক্ষ ও ন্যায়ভিত্তিক পরিবেশ তৈরি করতে হবে। শিক্ষার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী তাকে কাজে নিয়োগ দিতে হবে। বদলাতে হবে দেশের প্রচলিত সেকেলে শিক্ষা কারিকুলাম। আন্তর্জাতিক মানদণ্ডকে সমর্থন করে এমন আধুনিক শিক্ষাব্যবস্থার প্রবর্তন করতে হবে। ছোটবেলা থেকেই স্কুলে কারিগরি কর্মশালা স্থাপন করতে হবে। ছেলেমেয়েরা পুথিগত বিদ্যা আর বাস্তবভিত্তিক বিদ্যাকে এতে করে সঠিকভাবে প্রয়োগ করতে শিখবে।
সর্বোপরি, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক মহলে আস্থাকে প্রতিষ্ঠিত করা। সর্বস্তরে রাষ্ট্রকে প্রমাণ করা অপরিহার্য–একজন শিক্ষার্থী তার নিজ দেশে থেকেও স্বপ্ন দেখতে ও তা পূরণ করতে সক্ষম। কারণ, কেউ যদি নিজ ভূমিতেই তার ভবিষ্যৎ দেখতে না পায় সে ব্যর্থতা রাষ্ট্রের। জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তরুণ সম্পদের শতকরা ৯০ ভাগই যদি ভিন্ন মানচিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করার মধ্যেই তৃপ্তি খুঁজে পায়, নিজেকে স্বার্থক মনে করে, সে ক্ষেত্রে উন্নয়নের সব পরিসংখ্যানের মধ্যে থেকেও দেশ হয়ে পড়বে মেধাশূন্য। ভুললে চলবে না, ভবিষ্যতের যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, তা বাস্তবায়নে দক্ষ ও পারদর্শী তরুণ প্রজন্মের এখন নিজ দেশের মাটিতে শেকড় গেঁড়ে নেওয়াটা ভীষণ জরুরি।
লেখক: প্রাবন্ধিক ও কলাম লেখক













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
৫-৬ টি ভালো দল না পেলে বিপিএল আয়োজন করবে না বিসিবি
কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
৬ মাসের মধ্যে চালু হচ্ছে কুমিল্লার সেই বিশেষায়িত শিশু হাসপাতালটি
হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৭০
অবশেষে পুলিশের পোশাক চূড়ান্ত করে গেজেট প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তারেক রহমান যাকে প্রার্থী দিবে সে-ই আমাদের প্রার্থী
কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
কুমিল্লায় গ্রেপ্তার শিবির নেতার পক্ষে দাঁড়ানোদুই এপিপির নিয়োগ বাতিল
কুমিল্লায় মাদক মামলায় কারাবন্দি যুবদলকর্মীর মৃত্যু
৬ মাসের মধ্যে চালু হচ্ছে কুমিল্লার সেই বিশেষায়িত শিশু হাসপাতালটি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২