চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায়
যাত্রীবাহী বাসের চালক মিজানুর রহমান ভূঁইয়া(৫৮) নিহত ও অপর ৫ জন আহত
হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা-বসন্তপুর
রাস্তার মাথা এলাকায় এ ঘটে। নিহত মিজানুর রহমান ভূঁইয়া জেলার দেবিদ্বার
উপজেলার ঘোষঘর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন।
জানা যায়,
বৃহস্পতিবার সকালে ঢাকামুখী একটি ট্রাক(ফেনী-ট-১১-০২৪০) কোনো ধরনের
সতর্কতামূলক সিগন্যাল ছাড়াই মহাসড়কের ডান পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পিছন
থেকে ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাস(ঢাকামেট্রো-ব-১২-২১৫৭) ট্রাকটির পেছনে
সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ি দুইটি মহাসড়কের দুই পাশে পড়ে দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনায় বাসচালক মিজানুর রহমানসহ অন্তত ৬ জন আহত হন। স্থানীয় লোকজন
আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক চালক মিজানুর রহমান ভুঁইয়াকে মৃত ঘোষণা করেন।
মিয়াবাজার
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত
ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
