কুমিল্লার
লাকসাম থানর ওসিসহ একদল পুলিশ সড়কে ডাকাতদের হামলায় অল্পের জন্য প্রাণে
রক্ষা পেয়েছেন। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের পিকআপ এবং একটি সিএনজি
চালিত অটোরিকশা। এ সময় পুলিশ ডাকাতি হওয়া একটি মিনি ট্রাকসহ ৮টি গরু উদ্ধার
করেছে।
বুধবার (১৭ জুন) দিবাগত রাত আনুমানিক সোয়া দুইটার দিকে লাকসাম
উপজেলার বাকই ইউনিয়নের বিজরা এলাকা এবং লালমাই উপজেলার বাগমারা ভূশ্চি সড়কে
ঘটনাটি ঘটেছে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লাকসাম
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনারদিন গভীর রাতে উপজেলার বাকই ইউনিয়নের
বিজরা এলাকায় লাকসাম থানা পুলিশের একটি টহলদল সিএনজি চালিত অটোরিকশায়
যাচ্ছিলেন। এ সময় তাঁদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটিকে একটি ট্রাক
ধাক্কা দিয়ে সড়কের পাশে ফেলে দেয়। পুলিশ তখন একটি গরুবোঝাই এবং একটি খালি
মিনিট্রাক দেখতে পায়। ওই সময় পুলিশের সন্দেহ হয় যে, তাঁরা ডাকাতদল। টহল
পুলিশ তাৎক্ষনিক ঘটনাটি লাকসাম ওসিকে অবহিত করেন।
সংবাদ পেয়ে ওসি আরো
৩/৪জন পুলিশ কর্মকর্তাসহ পুলিশের একটি দল নিয়ে অভিযান চালায় এবং আশপাশের
অন্যান্য থানায় বেতার বার্তায় এবং মুঠোফোনে সংবাদ দেন।
ওসি জানান,
ডাকাতদল পুলিশের অভিযান টের পেয়ে প্রথমে লাকসামের বিজরা এলাকা হয়ে বরুড়ার
চন্ডিমুড়া বাজারের চলে যায়। পুলিশের ধাওয়া খেয়ে ডাকাতদল দু'টি ট্রাক নিয়ে
পুনরায় লালমাই উপজেলার বাগমারা হয়ে ভুশ্চি সড়ক দিয়ে পালিয়ে যেতে থাকে।
পুলিশের গাড়িও পেছন থেকে ডাকাতদলকে ধাওয়া করে। একপর্যায় ডাকাতদলের ট্রাকটি
থেমে যায়। পরে পেছনে থাকা পুলিশের পিকআপ ভ্যানটিকে ডাকাতদল ট্রাকটি দিয়ে
উল্টো ধাক্কা দিলে পুলিশের গাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরার
উপক্রম হয়। এই ফাঁকে ডাকাতদল গরু বোঝাই ট্রাকটি ফেলে অপর গাড়িটি নিয়ে দ্রুত
ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ৮টি গরুসহ ট্রাকটি (ঢাকা মেট্টো- ন-
২০-৮০৩৫) উদ্ধার করে লাকসাম থানায় নিয়ে আসেন। উদ্ধার হওয়া গরুর মধ্যে ৪টি
গাভী এবং ৪টি বাছুর রয়েছে।
পুলিশ সূত্রে আরো জানা গেছে, গরু বোঝাই
মিনিট্রাকটি লাকসাম ও নোয়াখালীর উদ্দেশ্যে নীলফামারী থেকে ছেড়ে আসে।
পথিমধ্যে ডাকাতদল গরু বোঝাই ট্রাকের চালক ও গরুর সঙ্গে থাকা অপর এক
ব্যক্তিকে অন্যত্র ফেলে দিয়ে ট্রাকটি ডাকাতদলের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
লাকসাম
থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুন্নাহার লাইলী ঘটনার সত্যতা নিশ্চিত করে
বলেন, পালিয়ে যাওয়া ডাকাতদলকে চিহ্নিতসহ গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত
রয়েছে। তবে নীলফামারী থেকে আসা গরু বোঝাই ট্রাকের চালক ও অপর ব্যক্তির
এখনো সন্ধান মিলেনি।
