
চলমান
ঢাকা লিগের শেষ রাউন্ডের খেলা মাঠে গড়িয়েছিল আজ শুক্রবার। তবে চ্যাম্পিয়ন
হওয়ার দৌড়ে ছিল তিনটি দল। এদিন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে শুধু জিতলেই
হতো না। হারতে হতো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকেও। বৃষ্টিবিঘ্নিত দিনে
ম্যাচ জিতে নিয়েছে মোহামেডান আর হেরেছে প্রাইম ব্যাংক।
এতেই দীর্ঘ ১৬
বছর পর ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল মোহামেডান।
দেশের ক্লাব ক্রিকেটে সবশেষ ২০০৯-১০ মৌসুমে জিতেছিল মোহামেডান। সব মিলিয়ে
প্রিমিয়ার লিগে এটি তাদের দশম শিরোপা।
বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রিমিয়ার
লিগের শেষ দিনে আজ আবাহনী লিমিটেডের বিপক্ষে ৪০৬ রান করে মোহামেডান। পরে
আবাহনী ২৪.৪ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান করার পর বজ্রপাত ও বৃষ্টির কারণে আর
খেলা সম্ভব হয়নি। ফলে ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে মোহামেডানকে ৬৩ রানে
জয়ী ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।
পাশের মাঠে ঢাকা লেপার্ডসের মুখোমুখি
হয় শিরোপার দৌড়ে থাকা প্রাইম ব্যাংক। তারা আগে ব্যাট করে ৮ উইকেটে ২৬৬
রানের পুঁজি পায়। জবাবে লেপার্ডস ২৯.১ ওভারে ৩ উইকেটে ১৪২ রান করার পর খেলা
বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টার বেশি অপেক্ষার পর ডাকওয়ার্থ লুইস স্টার্ন
পদ্ধতিতে লেপার্ডসকে ৮ রানে জয়ী ঘোষণা করা হয়।
ফলে ১১ ম্যাচের লিগ শেষে ৯
জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। অন্য দিকে
সমান ৮ জয়ে ১৬ পয়েন্ট করে পেয়েছে আবাহনী ও প্রাইম ব্যাংক। তবে হেড টু হেডের
হিসেবে এগিয়ে থেকে রানার্স-আপ হয়েছে আবাহনী।
দল জেতার পর তাওহীদ হৃদয়ের
আক্ষেপ এই দিনে তাদের সঙ্গে থাকতে না পারার। বর্তমানে অস্ট্রেলিয়া সিরিজ
খেলতে জাতীয় দলের ক্যাম্পে তিনি। এই ব্যাটার লিখেছেন, ‘১৬ বছর পর!! হ্যাঁ,
দীর্ঘ ১৬ বছর পর আবার চ্যাম্পিয়ন হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। আমার খুব
ইচ্ছে ছিল এখন দলের সঙ্গে থাকার। আমি ওদের খুব মিস করছি, মিস করছি
চ্যাম্পিয়ন হওয়ার উদযাপন আর অবশ্যই মিস করছি ট্রফিটা। দলের অধিনায়ক হিসেবে
আমি ওদের জন্য অত্যন্ত গর্বিত, ওদের জন্য অনেক আনন্দিত এবং আনন্দের এই
মুহূর্তে আমিও দূর থেকে ওদের সাথেই চোখে জল ফেলছি। মোহামেডান স্পোর্টিং
ক্লাবের সকল ভক্ত-সমর্থকদের অনেক অনেক অভিনন্দন.. ।‘
মোহামেডান তাদের
সোশাল মিডিয়া পেজে লিখেছে, ‘অত্যন্ত আনন্দ ও উল্লাসের সাথে জানানো যাচ্ছে
যে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০২৫-২০২৬ সিজনে
চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে পরাজিত করে একটি গৌরবময় চ্যাম্পিয়নশিপ
জয় অর্জন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। এই অসাধারণ সাফল্যের
জন্য খেলোয়াড়, কোচিং স্টাফ, ক্রিকেট কমিটির চেয়ারম্যান, সংশ্লিষ্ট
পরিচালক, কর্মকর্তা, সমর্থক ও সম্মানিত সদস্যদের প্রতি রইল আন্তরিক
অভিনন্দন ও শুভকামনা।’
