
ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা শুরুর দিনে চিরবিদায় নিলেন ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ব্রিতো।
ব্রাজিলিয়ান
ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বৃহস্পতিবার এক বিবৃতিতে ৮৫ বছর বয়সে সাবেক এই
ডিফেন্ডারের মৃত্যুর খবর জানিয়েছে। একই সঙ্গে গভীর শোক প্রকাশ করেছে এবং
স্বজন, বন্ধু ভক্তদের সমবেদনা জানিয়েছে।
সিবিএফ প্রধান সামির চাউদ বলেছেন, ব্রাজিলের ফুটবলে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন ব্রিতো।
“ব্রাজিলের
ফুটবল ইতিহাসের সেরা ডিফেন্ডারদের একজন ব্রিতো। ১৯৭০ বিশ্বকাপ জয়ে তার
ভূমিকা আমাদের কাছে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আমাদের দেশের একজন আইডলের
প্রতি আমার শ্রদ্ধা। তার লড়াকু মানসিকতা বিশ্বকাপে আমাদের খেলোয়াদের
প্রতিদ্বন্দ্বিতা করতে অনুপ্রেরণা যোগাবে।”
শিরোপা জয়ের পথে রক্ষণে
উইলসন পিয়াৎসার সঙ্গে দুর্দান্ত এক জুটি গড়ে তুলেছিলেন ব্রিতো। পিয়াৎসা
পরিচিত ছিলেন কৌশলের জন্য আর শক্তি ও শারীরিক উপস্থিতির জন্য ব্রিতো।
ভালোবেসে তাকে ভক্তরা ডাকত হারকিউলিস নামে। ব্রাজিলের হয়ে ওই আসরে ছয়
ম্যাচেই পুরো সময় খেলেন তিনি।
১৯৩৯ সালের ১৯ অগাস্ট জন্ম ব্রিতোর।
ক্যারিয়ার শুরু করেন ভাস্কো দা গামায়। পরে খেলেন ফ্ল্যামেঙ্গো,
ক্রুজেইরো, ইন্তারনাসিওনাল, করিন্থিয়ান্স, বতাফোগো ও আতলেতিকো
পারানায়ান্সে।
১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত খেলেন ব্রাজিল জাতীয় দলে। তার
খেলা ৬১ ম্যাচের ৪৫ ম্যাচে জয় পায় লাতিন আমেরিকার দেশটি, ড্র করে ১১
ম্যাচ, হারে কেবল পাঁচটিতে।
