কুমিল্লার
পুলিশ সুপারকে (এসপি) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে
দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন
সোনিয়া আক্তার (২৮) ও আনোয়ার হোসেন পারভেজ (৩২)।
পুলিশ জানায়, গত ৩১ মে
একটি অনলাইন ব্লগসাইট ও ‘প্রতিবাদী জনতা’ নামে একটি ফেসবুক পেজে কুমিল্লার
পুলিশ সুপারের প্রত্যাহার সংক্রান্ত একটি ভুয়া আদেশ ছড়িয়ে দেওয়া হয়। পরে ১
জুন ওই প্ল্যাটফর্মগুলোতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের
প্রভাবে কুমিল্লার পুলিশ সুপারের প্রত্যাহার আদেশ বাতিল হয়েছে বলে দাবি করে
আরেকটি পোস্ট ভাইরাল করা হয়। এসব তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে
দাবি করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব পোস্ট ছড়িয়ে পড়ার পর
জনমনে বিভ্রান্তি সৃষ্টি হলে কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশনায় জেলা
গোয়েন্দা শাখা তদন্ত শুরু করে। প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে
সংশ্লিষ্টদের শনাক্ত করা হয়।
ডিবি সূত্র জানায়, গত ৩ জুন বাগেরহাট জেলার
বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোনিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে তার
দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা মহানগরীর শ্রীমন্তপুর এলাকা থেকে আনোয়ার
হোসেন পারভেজকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের কাছ
থেকে জব্দ করা বিভিন্ন ডিজিটাল ডিভাইস পর্যালোচনায় গুজব ছড়ানোর বিষয়ে
প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তারা এ ধরনের বিভ্রান্তিকর তথ্য
প্রচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছে পুলিশ।
তদন্তের
স্বার্থে এ ঘটনায় জড়িত অন্যদের পরিচয় প্রকাশ করা হয়নি। তাদের শনাক্ত করে
আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।
