নিজস্ব
প্রতিবেদক:জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের আয়োজনে কুমিল্লা
ইনস্টিটিউট কেন্দ্রে ‘গাহি সাম্যের গান’ শীর্ষক সেমিনার, নজরুলের সাহিত্য
পাঠ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
হয়েছে।বুধবার (৩ জুন) বিকেল ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়
কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, কবি ও কথাসাহিত্যিক
মো. লতিফুল ইসলাম শিবলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
২০২৫ সালের নজরুল পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও শিক্ষাবিদ
অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে নজরুলের সাম্য, মানবতা ও
অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মকে নজরুলচর্চায় আরও
সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন
বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক ড. আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য
প্রদান করেন ইনস্টিটিউটের পরিচালক (উপসচিব) কে. এম. আল-আমীন।
অনুষ্ঠানের
শুরুতে স্বাগত বক্তব্য দেন কুমিল্লা ইনস্টিটিউট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত
কর্মকর্তা মো. আল আমিন। তিনি কুমিল্লায় নজরুলচর্চার প্রসার ও সাংস্কৃতিক
কর্মকাণ্ডে ইনস্টিটিউটের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
অনুষ্ঠানে নজরুলের
সাহিত্য পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশের
বিশিষ্ট নজরুলসংগীত শিল্পীরা একক ও দলীয় সংগীত পরিবেশন করেন। এছাড়াও
আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে জাতীয় কবির সাহিত্য ও সংগীতকে নতুনভাবে
তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সহকারী পরিচালক মো. ফখরুল আলম।
সেমিনার,
সাহিত্য পাঠ প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে কুমিল্লার সাহিত্য ও
সংস্কৃতিমনা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে
ওঠে।
