শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লার বরুড়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে এ কে এম আবু তাহের ফাউন্ডেশন। আগামীকাল ৩০ মে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বরুড়ার ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা এ মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করবেন। ক্যাম্পে মেডিসিন, গাইনি, সার্জারি, নাক-কান-গলা, চর্ম ও যৌন রোগ, শিশু রোগ, হৃদরোগ, কিডনি রোগসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দেওয়া হবে। এছাড়াও রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, ইসিজি, এক্স-রে, আলট্রাসনোগ্রাম ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুবিধা থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজনে সহযোগিতা করছে হবিগঞ্জ মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক (রেডিওলজি) ও আহবায়ক ডা. মো. সোলাইমান মিয়া ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. শাহজাহান।
আয়োজকরা আরও জানান, যেসব রোগীর সার্জারির প্রয়োজন হবে, মেডিকেল ক্যাম্প থেকে নির্বাচন করে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।
