ক্রীড়া প্রতিবেদক ।।
দেশের
ফুটবলে ঐতিহ্যের লড়াই মানেই আবাহনী বনাম মোহামেডান। ফুটবলপ্রেমীদের সেই
চিরচেনা উন্মাদনা আবারও ফিরে আসছে মাঠে। আন্তর্জাতিক বিরতি কাটিয়ে আগামীকাল
শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হাইভোল্টেজ
ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
কুমিল্লার শহীদ
ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুপুর ৩টা ৩০ মিনিটে শুরু হবে এই ‘ঢাকা
ডার্বি’। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র ক্রীড়া চ্যানেল
টি-স্পোর্টস।
লিগের চলতি মৌসুমে পয়েন্ট টেবিলের সমীকরণ দুই দলের জন্যই
বেশ গুরুত্বপূর্ণ। বর্তমানে পয়েন্ট তালিকায় আবাহনী লিমিটেড রয়েছে তৃতীয়
অবস্থানে। অন্যদিকে, ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের অবস্থান ষষ্ঠ।
তবে অবস্থানের পার্থক্য যাই হোক, মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলতে
নারাজ। বিশেষ করে বিরতির পর প্রথম ম্যাচেই জয় দিয়ে লিগে ঘুরে দাঁড়াতে মরিয়া
সাদা-কালো শিবির। অন্যদিকে, শিরোপা দৌড়ে টিকে থাকতে তিন পয়েন্টের লক্ষ্য
নিয়েই মাঠে নামবে আকাশি-নীলরা।
কুমিল্লার দর্শকরাও মুখিয়ে আছেন এই
দ্বৈরথ দেখার জন্য। টিকিটের চাহিদাও তুঙ্গে। মাঠের কৌশল আর ফুটবলারদের
শারীরিক সক্ষমতার লড়াইয়ে শেষ হাসি কে হাসে, তা দেখার অপেক্ষায় এখন পুরো
ফুটবল বিশ্ব।
সাফ জয়ী অনুর্ধ্ব ২০ বাংলাদেশ দলের সেরা গোলকিপার ও টিম
মোহামেডান এর গোলরক্ষক মাহিন এবং জয়কে কুমিল্লা মোহামেডান সমর্থকবৃন্দের
পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এতে টিম মোহামেডান এর
সকল খেলোয়াড় বৃৃন্দ উপস্থিত ছিলেন।
