নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা
মূল্যের ভারতীয় আতশবাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড
বাংলাদেশ (বিজিবি)।
রবিবার দুপুরে জব্দের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা
১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান,
শনিবার সীমান্তের কুমিল্লার সদর উপজেলার কটকবাজার বিওপির টহলদল মাদক ও
চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে
যে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আনা বিপুল পরিমাণ মালামাল একটি পিকআপ
ভ্যানে বোঝাই করা হচ্ছে। এ সময় বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে
চোরাকারবারিরা পিকআপ ভ্যান নিয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে
সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে কুমিল্লা নগরীর মোঘলটুলী এলাকায়
মালামালসহ পিকআপ ভ্যানটি রেখে পালিয়ে যায়। পরে ওই পরিবহন থেকে বিভিন্ন
ধরনের ভারতীয় মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে বিপুল
পরিমাণ ভারতীয় আতশবাজি ও কসমেটিক্স সামগ্রী রয়েছে। যার সর্বমোট আনুমানিক
মূল্য ৪৭ লাখ ৫৫ হাজার টাকা। জব্দকৃত এসব মালামাল বিধি মোতাবেক কাস্টমস
কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
