কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজের
বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম ভূইয়া ।
গতকাল ৭
মার্চ (শনিবার) বিকেলে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন
করা হয়। সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি
কয়েকটি দৈনিক পত্রিকায় ছুটির মধ্যে বাধ্যতামূলক কোচিং করানোসহ বিভিন্ন
অভিযোগে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও
কাল্পনিক। এসব সংবাদের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
তিনি বলেন, একটি
কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদকদের কাছে
ভুল তথ্য দিয়ে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
সংবাদ
সম্মেলনে তিনি বাধ্যতামূলক কোচিং করানোর অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি
কখনো কোনো শিক্ষার্থীকে কোচিং করতে বাধ্য করেননি এবং প্রতিষ্ঠানে কোনো
ধরনের বাধ্যতামূলক কোচিং পরিচালিত হয়নি।
তিনি আরও জানান, অত্র
প্রতিষ্ঠানের এসএসসি ও এইচএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের ভালো ফলাফল
নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্য বজায় রাখার লক্ষ্যে শিক্ষকরা
শিক্ষার্থীদের অনুরোধের প্রেক্ষিতে রোজা রেখে অতিরিক্ত ক্লাস নিয়েছেন। এসব
ক্লাস সম্পূর্ণ স্বেচ্ছাসেবামূলকভাবে পরিচালিত হয়েছে এবং এ জন্য
শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের অর্থ নেওয়া হয়নি।
প্রকাশনী
প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন,
ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে কোনো প্রকাশনীর সঙ্গে তার কোনো আর্থিক
লেনদেন নেই। তাই প্রকাশনী থেকে টাকা নেওয়ার অভিযোগটিও সম্পূর্ণ মিথ্যা ও
উদ্দেশ্যপ্রণোদিত।
উপবৃত্তি প্রদান সংক্রান্ত অভিযোগের বিষয়ে তিনি বলেন,
উপবৃত্তি সম্পূর্ণভাবে সরকারের নির্ধারিত নীতিমালা ও প্রক্রিয়ার মাধ্যমে
প্রদান করা হয়। এতে কোনো শিক্ষক বা কর্মকর্তার ব্যক্তিগতভাবে অর্থ নেওয়ার
সুযোগ নেই। উপবৃত্তির তালিকাও সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা ও নির্ধারিত
মানদণ্ড অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা
নেওয়ার যে অভিযোগ আনা হয়েছে সেটিও সম্পূর্ণ ভিত্তিহীন বলে তিনি দাবি করেন।
