পবিত্র
রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে
কুমিল্লায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে র্যাব-১১ ও জেলা প্রশাসন। সোমবার
বিকেলে নগরীর রাজগঞ্জ বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের
দায়ে চারটি প্রতিষ্ঠানকে চার মামলায় মোট ৪ হাজার ৫শত টাকা জরিমানা করা
হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্কবার্তাও দেওয়া হয়।
জানা
যায়, বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন
কৃষি বিপণন কর্মকর্তা মো. আনিসুজ্জামান বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলমসহ র্যাবের একটি
বিশেষ টিম।
অভিযানকালে বেশ কয়েকটি দোকানে মূল্য তালিকা যথাযথভাবে
প্রদর্শন না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির প্রমাণ
পাওয়া যায়। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে কৃষি বিপণন আইন
অনুযায়ী জরিমানা আদায় করে।
কৃষি বিপণন কর্মকর্তা মো. আনিসুজ্জামান
বিপ্লব বলেন, রমজান মাসে ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও দ্রব্যমূল্য
স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের
সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন, বৈধ কাগজপত্র সংরক্ষণ এবং ন্যায্যমূল্যে
পণ্য বিক্রির আহ্বান জানান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না এবং প্রয়োজন হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
