
এক
বছরেরও বেশি সময় পর ফ্রেঙ্কি ডি ইয়াং গোল করলেন। ফারমিন লোপেজের জোরালো শট
কাঁপাল জাল। লেভান্তের বিপক্ষে সহজ জয়ে লা লিগার শীর্ষে ফিরে রিয়াল
মাদ্রিদকে চাপে রাখল বার্সেলোনা।
মৌসুমের শুরুতে লেভান্তের বিপক্ষে শেষ
মুহূর্তে গোল করে জিততে হয়েছিল হ্যান্সি ফ্লিকের দলকে। এবার তারা জিতল ৩-০
গোলে। ওসাসুনার কাছে রিয়াল মাদ্রিদের হারের সুযোগ কাজে লাগিয়ে এক পয়েন্টে
এগিয়ে থেকে চূড়ায় কাতালান জায়ান্টরা।
অ্যাটলেটিকো মাদ্রিদ ও জিরোনার
কাছে টানা পরাজয় বার্সার আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছিল। ৪ মিনিটের মাথায়
মার্ক বার্নালের গোলে তা ফিরে পায় তারা। ন্যু ক্যাম্পে গোলমুখ খোলার পর
প্রথমার্ধে ব্যবধান ২-০ করে বর্তমান চ্যাম্পিয়নরা। ৩২ মিনিটে ডি ইয়াংয়ের
গোলটি ছিল ২০২৫ সালের জানুয়ারির পর প্রথম।
বেঞ্চ থেকে উঠে এসে লোপেজ ম্যাচ মুঠোয় এনে দেন। ৮১ মিনিটে ২৫ গজ দূর থেকে নেওয়া তার শট ছিল অপ্রতিরোধ্য।
২৫ ম্যাচে ২০তম জয়ে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল বার্সেলোনা। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে রিয়াল (৬০)।
