
প্রথমবারের
মতো এএফসি উইমেন’স এশিয়ান কাপে খেলতে যাওয়ার রোমাঞ্চ সঙ্গী বাংলাদেশে। সে
রোমাঞ্চকে পুরোপুরি উপভোগ করতে হলে আলো ছড়াতে হবে উত্তর কোরিয়া, চীন ও
উজবেকিস্তানের মতো দলের বিপক্ষে। আশাবাদী আফঈদা খন্দকার। বাফুফে ভবনে
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জানালেন, ভালো কিছুর স্বপ্নই
দেখছেন তারা।
অস্ট্রেলিয়ায় আগামী ১ মার্চ শুরু হবে উইমেন’স এশিয়ান কাপ।
‘বি’ গ্রুপে বাংলাদেশের সাথে থাকা তিন দলের মধ্যে চীন প্রতিযোগিতার নয়বারের
চ্যাম্পিয়ন, তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। গ্রুপের অন্য দল
উজবেকিস্তান।
এই আসর সামনে রেখে কখনও মালয়েশিয়ায়, কখনও থাইল্যান্ড,
জাপানে ক্যাম্প ও প্রস্তুতি নেওয়ার কথা শুনিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
কিন্তু কোনো আয়োজনই শেষ পর্যন্ত দেখেনি আলোর মুখ। তাই বৃহস্পতিবার রাতে
খেলোয়াড়রা রওনা দিয়ে থাইল্যান্ড হয়ে সরাসরি অস্ট্রেলিয়া পৌঁছাবেন। সেখানেই
শুরু হবে ক্যাম্প। ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু
করবে তারা।
প্রস্তুতির কমতির প্রশ্নে অকপট স্বীকারোক্তি দিয়েছেন বাফুফের
নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। চেষ্টার ত্রুটি রাখেননি বলেও
দাবি তার।
“আমি হতাশ বলব না, তবে আরও বেশি, আরও ভালো ট্রেনিং হলে দল
আরও শক্তিশালী হতে পারত। ওই লেভেল থেকে যদি মেয়েদের বাইরে রেখে ট্রেনিং
করাতে পারতাম, আরও কিছু প্রস্তুতি ম্যাচ খেলাতে পারতাম, তাহলে আমার
তৃপ্তিটা আরও বেশি থাকত। এখন ওই তৃপ্তিটা অবশ্যই নেই। এ জায়গাতে ঘাটতি থেকে
গেল।”
ঘাটতিটুকু নিয়ে এখন আর হা-পিত্যেশ করতে চান না আফঈদা। সদ্য
সমাপ্ত বাংলাদেশ ফুটবল লিগে সবার খেলার মধ্যে থাকাটা ইতিবাচক দৃষ্টিতে
দেখছেন উইমেন’স সাফ জয়ী অধিনায়ক। গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ
উজবেকিস্তানকে ঘিরেই যে মূল পরিকল্পনা, সেটাও বুঝিয়ে দিলেন তিনি।
“আপনারা
জানেন যে, আমরা কয়েকদিন আগে উইমেন’স লিগ শেষ করেছি। তারপরে যে কয়দিন সময়
পেয়েছি, আমরা কোচের কাছে প্র্যাকটিস করেছি। কোচ আমাদেরকে দেখাচ্ছেন আমরা
কীভাবে খেলব। যেহেতু আমাদের প্রতিপক্ষ অনেক শক্তিশালী—চীন, উত্তর কোরিয়া,
উজবেকিস্তান ওরা অনেক শক্তিশালী দল। তো আমরা প্রস্তুতিতে ওভাবেই কাজ
করতেছি। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব।”
“আপনারা সবাই আমাদের জন্য দোয়া
করবেন যেন আমরা ভালোভাবে ফিরে আসতে পারি এবং আমাদের সেরা খেলাটা আমরা
খেলতে পারি। আমরা অবশ্যই সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রথম দুটি
ম্যাচ খুব শক্তিশালী দলের সাথে, তবে আমরা উজবেকিস্তানের বিপক্ষে ভালো কিছু
করার আশা রাখছি।”
২৬ জনের দলে তিন নতুন মুখের মধ্যে আছেন আনিকা রানিয়া
সিদ্দিকী। সুইডেন প্রবাসী এই মিডফিল্ডার দলে অবদান রাখতে পারবে বলেই
বিশ্বাস আফঈদা। নির্ভার থেকে অস্ট্রেলিয়ার আসর খেলার লক্ষ্যও জানালেন তিনি।
“এশিয়ান
পর্যায়ের লিগে ও খেলেছে। তাই আমাদের সাথে মানিয়ে নিতে ওর কোনো সমস্যা
হচ্ছে না। আর এশিয়া কাপের চাপ আমরা ওভাবে নিচ্ছি না। আমরা সব সময় যেভাবে
খেলি, মাঠের ভেতর সেভাবেই স্বাভাবিক খেলা খেলার চেষ্টা করব।”
