কুমিল্লায় গত এক মাসে ১ হাজার ৩৮২ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। শনিবার কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র
জানায়, ডিসেম্বর মাসব্যাপী জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালিত
হয়। এর মধ্যে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে গ্রেফতার হন ৪২৬ জন। মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার ১৮৫ জন এবং নিয়মিত মামলায় (মাদক ব্যতীত) গ্রেফতার
করা হয় ৭৫০ জনকে। এছাড়া ডাকাতি মামলায় গ্রেফতার করা হয়েছে ২১ জনকে।
একই
সময়ে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ২টি কাভার্ড ভ্যান, ২টি সিএনজি, ১টি পিকআপ
ও ১টি বাস জব্দ করে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল ৩টি, দেশি
পিস্তল ১টি, এলজি ৪টি, পাইপগান ১টি, গুলি ২১ রাউন্ড, কার্তুজ ৮ রাউন্ডসহ
বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র। পাশাপাশি উদ্ধার করা হয় বিপুল পরিমাণ
মাদকদ্রব্য।
উল্লেখ্য, গত ২৯ নভেম্বর পুলিশ সুপার মো. আনিসুজ্জামান
পিপিএম কুমিল্লায় যোগদান করেন। তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকে গত একমাসে
পরিচালিত অভিযানগুলোতে এসকল গ্রেফতার ও অবৈধ অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার
করা হয়। বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও
অর্থ) রাশেদুল হক চৌধুরী বলেন, ডিসেম্বর মাসে পরিচালিত পুলিশি অভিযানে
বিপুল পরিমাণ মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে এবং প্রায় হাজারের বেশি
আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো
হয়েছে।
