
গেল বছর রাইজিং স্টার্স এশিয়া কাপে শিরোপার কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল বাংলাদেশ দলকে। এবারের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। সাইফ হাসানের নেতৃত্বে আজ ঢাকা ছেড়েছেন ক্রিকেটাররা।
আসন্ন বিশ্বকাপের আগে তরুণ ক্রিকেটারদের নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে এই টুর্নামেন্টকে দেখছেন দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
তিনি বলেন, ‘এই ধরনের টুর্নামেন্ট প্রত্যেক খেলোয়াড়ের জন্য খুব ভালো একটি প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। যারা ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারবেন, তাদেরই দলে নেওয়া হয়েছে।’
টুর্নামেন্টের আগে প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট আশরাফুল, ‘দলের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। আমরা স্কিল ট্রেনিং করেছি, দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। এখন খেলোয়াড়দের কাজ হবে, মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়া।’
এদিকে দলের সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতা উপভোগ করছেন আশরাফুল, ‘আমরা আমাদের কাজগুলো করব, তাদের সাহায্য করব এবং পরিস্থিতি কী দাবি করছে, সেটি বোঝানোর চেষ্টা করব।’
আগামী ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের লড়াই শেষে প্রতি গ্রুপের সেরা দুই দল জায়গা করে নেবে সেমিফাইনালে। ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই। আর ২৯ নভেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টের ফাইনাল।
