বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৭.১১.২০২৬ ১:৩২ এএম |

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

ছোট্ট মেয়ের জন্মদিন। বহুদূর দেশ দক্ষিণ আফ্রিকা থেকে হয়তো ফোন করেই জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারতেন লিটন দাস। সেটা হয়তো জানিয়েছেনও। কিন্তু ৯২ রানে অপরাজিত থেকে রাত পার করার পর সেঞ্চুরি করেই মেয়েকে শুভেচ্ছা জানাতে চেয়েছিলেন বাংলাদেশের ব্যাট। সৃষ্টিকর্তা তার পরিকল্পনা ভেস্তে দেননি। 
সেঞ্চুরি করেই জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে এক আবেগঘন মুহূর্ত তৈরি করলেন লিটন। চার ম্যাচে দ্বিতীয়বার সেঞ্চুরি করে নিজের মেয়ে আনায়রা দাসকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন একটি হাতে লেখা কাগজে চমৎকার বার্তা দিয়ে। তিন বছর বয়সী আনায়রা যেন ক্রিকেট বিশ্বের সবার কাছ থেকেই শুভকামনা পেয়ে গেল।
দিনের প্রথম চার বল সামলে নিয়ে নামের পাশে তিন রান যোগ করলেন লিটন। কাগিসো রাবাদাকে প্রথম বল সামলে নিয়ে শেষ বলে চার মারলেন মেহেদী হাসান মিরাজ। নতুন ব্যাটার হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। তারপর চোখ ছিল লিটনের দিকে। দেখেশুনে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরির দিকে ছুটছিলেন তিনি।
অবশেষে ১৫৪তম বলে ইনিংসে নিজের প্রথম ছক্কা মেরে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির দেখা পান লিটন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার প্রথম সেঞ্চুরিতে ছিল ১২টি চার। তিন অঙ্কের ঘরে পৌঁছে একটি কাগজ পকেট থেকে বের করে তুলে ধরেন লিটন। যেখানে ইংরেজিতে হাতে লেখা একটি বার্তা, যার বাংলা অর্থ, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই ১০০ তোমার জন্য।’ 
লিটন তার আগের সেঞ্চুরি করেছিলেন গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরিও করেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ব্যাট হাসেনি। দুই টেস্টে চার ইনিংসে তার সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৩৪। বাকি তিন ইনিংসে দুই অঙ্কের ঘরের দেখা পাননি। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে অনবদ্য এক ইনিংস খেলে সেই হতাশা কাটিয়ে উঠলেন। লিটন থেমেছেন ১২০ রান করে। ১৭৯ বলে ১৪ চার ও ১ ছয়ে সাজানো তার ইনিংস থামে ডেন প্যাটারসনের বলে উইয়ান মুল্ডারের ক্যাচ হয়ে।  
৬ উইকেটে ৩২৭ রানে দিন শুরু করেছিল বাংলাদেশ। সেঞ্চুরি থেকে ৮ রান দূরে ছিলেন লিটন। আগের দিন তাওহীদ হৃদয় ১৩৭ রানে আউট হলে প্রথম দিনের খেলা শেষ হয়। ২২ রানে তিন উইকেট হারানো বাংলাদেশ ম্যাচে প্রাণ ফিরে পায় তানজীদ হাসান তামিম ও হৃদয়ের ৯৯ রানের জুটিতে। তারপর লিটন ও হৃদয় মিলে রেকর্ড ২০৬ রানের জুটি গড়েন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।





















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২