
আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। আজ সংযুক্ত আরব আমিরাতের আজমানে আগে ব্যাট করে ৮ উইকেটে ১২৯ রান করেছিল বাংলাদেশ। জবাবে ২ বল হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নেদারল্যান্ডস।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন দিলারা আক্তার। ৪৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। এ ছাড়া অধিনায়ক নিগার সুলতানা করেন ২০ রান। নিগার সুলতানা জ্যোতি ২০ রান ও স্বর্ণা আক্তার করেন ১৯ রান। নেদারল্যান্ডসের হয়ে হেদার সিগার্স ২১ রানে ৪ উইকেট নেন।
১৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় নেদারল্যান্ডস। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে এগিয়ে নেন স্টেরি কালিস। ৫০ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৮টি চার। ফ্রেডেরিক ওভারডাইক ১১ বলে অপরাজিত ১২ রান করে তাকে সঙ্গ দেন।
বাংলাদেশের হয়ে রাবেয়া খান ২২ রানে ২ উইকেট নেন। রিতু মনি ও সানজিদা আক্তার মেঘলা পান একটি করে উইকেট।
