বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতের বিপক্ষে ‘ইতিহাস গড়ার সুযোগ’ দেখছেন পাকিস্তান কোচ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৭.১১.২০২৬ ১:৩২ এএম |

 
ভারতের বিপক্ষে ‘ইতিহাস গড়ার সুযোগ’ দেখছেন পাকিস্তান কোচ

ভারত-পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল সামনে রেখে ঘুরেফিরে এলো দুই দলের গ্রুপ পর্বের সেই ম্যাচের কথা। সেদিনের সেই ৩-২ গোলে হারের ‘মধুর প্রতিশোধ’ ফাইনালে নিতে চান পাকিস্তান কোচ নেলবের্তো সোলানো। লিখতে চান নতুন এক ইতিহাস।
পল্টনের জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার রাত ৮টায় শুরু হবে ফাইনাল। ভারতের সামনে হাতছানি সাফের রেকর্ড শিরোপা জয়ের গল্পে দশম ট্রফি যোগ করার। পাকিস্তানের সামনে সুযোগ প্রথমবার ফাইনালে উঠেই বাজিমাত করার।
সেমি-ফাইনালে স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে পাকিস্তান এখন আরও আত্মবিশ্বাসী। সোমবারের সংবাদ সম্মেলনে দলটির কোচ সোলানোর কথায়ও তা ফুটে উঠল। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের লড়াইয়ের অভিজ্ঞতা পেরুর এই কোচ কাজে লাগাতে চান শিরোপা লড়াইয়ে।
“প্রথম ম্যাচে তাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমাদের কাজে আসবে। আগেও বলেছি, অজুহাত দিতে চাই না, তবে টুর্নামেন্টে আসার আগে আমাদের যাত্রাটা খুব খারাপ ছিল। মাত্র দুই দিন অনুশীলন করেই ভারতের বিপক্ষে খেলতে হয়েছিল।
“ওই ম্যাচের প্রথমার্ধে আমরা মনোযোগ ধরে রাখতে পারিনি, আমাদের খেলাও ছিল বেশ ধীরগতির। তারা সেই সুযোগ কাজে লাগিয়েছিল। দ্বিতীয়ার্ধে আমরা নিজেদের খেলায় উন্নতি করি। অনেক ভালো খেলি এবং ম্যাচে ফেরার সুযোগও তৈরি করেছিলাম। কিন্তু কিছুটা দেরি হয়ে যায়। শেষ পর্যন্ত ৩-২ গোলে হারতে হয়েছিল।”
গ্রুপ পর্ব শেষে পাঁচ প্রবাসী যোগ দেওয়ায় দলের শক্তি, গভীরতা আরও বেড়েছে পাকিস্তানের। সোলানোর লক্ষ্য একটাই-ঢাকা থেকে শিরোপা নিয়ে ফেরার।
“ফাইনাল সম্পূর্ণ ভিন্ন একটি ম্যাচ। এবার আমাদের আরও পাঁচ জন খেলোয়াড় দলে যোগ দিয়েছে। আগে থেকেই পরিকল্পনা ছিল তারা পরে দলের সঙ্গে যুক্ত হবে। আপনারা জানেন, ফিফার নিয়মকানুন মেনেই আমাদের শুরুতে তাদের ছাড়াই খেলতে হয়েছে। পরে তারা দলের সঙ্গে যোগ দিয়েছে। এই ছেলেরা পাকিস্তানের জন্য অসাধারণ খেলেছে। আমরা আরও উন্নতি করতে চাই। সবসময় বলেছি, আমাদের এগোতে হবে ধাপে ধাপে।
“পূর্ণাঙ্গ দল পাওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবারও ভারতের মুখোমুখি হতে পেরে আমরা আনন্দিত…মানুষ বিজয়ীদেরই মনে রাখে। ইতিহাস গড়ার সুযোগ এখন আমাদের হাতে। আমি এক বছর দুই মাস ধরে কাজ করছি এই দলের সাথে। এই সময়ে ছেলেরা যেভাবে সাড়া দিয়েছে, যেভাবে নিজেদের মেলে ধরেছে, তাতে আমি সত্যিই গর্বিত। আমরা ফাইনালের জন্য অপেক্ষা করছি। ফাইনাল সবসময় কঠিন ম্যাচ। কারণ, এটি দেশের গৌরবের বিষয়। স্বাভাবিকভাবেই সবাই জিততে চায়।”
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২