বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩
শেষ বিকেলে টাইগার শিবিরে স্বস্তি ফেরালেন হাসান
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৭.১১.২০২৬ ১:৩২ এএম |

শেষ বিকেলে টাইগার শিবিরে স্বস্তি ফেরালেন হাসান
ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট নিয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় উইকেটে ২০২ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দক্ষিণ আফ্রিকা। অবশেষে সেই জুটি ভাঙেন মুমিনুল হক। এরপর সেঞ্চুরিয়ান অ্যাকারম্যান ও ম্যাথু ব্রিটকিকে দ্রুত ফেরান হাসান মাহমুদ। শেষ বিকেলে ১১ রানের ব্যবধানে ২ উইকেট নেন এই পেসার, তাতে কিছুটা হলেও স্বস্তি নিয়ে দিন শেষ করেছে টাইগাররা।
দ্বিতীয় দিন শেষে ৬২ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান করেছে দক্ষিণ আফ্রিকা। এখনও ১১৩ রানে পিছিয়ে আছে তারা, প্রোটিয়াদের হাতে আছে ৬ উইকেট।
প্রথম সেশনে মাত্র ৫ ওভার বোলিং করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেখানেই এক উইকেট তুলে দারুণ শুরু করেছিল। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলটি ভালো লেংথে অফ স্টাম্পের বাইরে করেছিলেন হাসান, এইডেন মার্করামের ব্যাটের কানা ছুঁয়ে বল যায় লিটন দাসের গ্লাভসে। ৮ বলে ৪ রান করে মার্করাম ফিরলে ভাঙে ৫ রানের উদ্বোধনী জুটি।
পঞ্চম ওভারের চতুর্থ বলটি ব্যাটে খেলতে পারেননি জোবায়ের হামজা, সরাসরি তার প্যাডে আঘাত হানে বল। জোরালো আবেদন হলেও নো বলের সংকেত দেন আম্পায়ার। পরে দেখা যায় এটা নিশ্চিত লেগ বিফোর ছিল, কিন্তু নো বল হওয়ায় বেঁচে যান হামজা।
ইনিংসের ১৬তম ওভারে ফিরতি বলে ফিল্ডিং করতে গিয়ে মাথায় আঘাত পান হাসান। হাত ফসকে বল আঘাত হানে তার কপালে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে সেই ওভার শেষ করেন। এর কিছুক্ষণ পর মাঠের বাইরে গেলেও, কয়েক ওভার পরই তিনি মাঠে ফিরেছেন।
৫ রানে প্রথম উইকেট হারানোর পর রীতিমতো দেওয়াল হয়ে দাঁড়ান হামজা-অ্যাকারম্যান। গড়েন ডাবল সেঞ্চুরির জুটি। এরই মধ্যে ব্যাক্তিগত সেঞ্চুরিও তুলে নেন অ্যাকারম্যান। তিন অঙ্ক ছুঁতে মাত্র ১২৫ বল খেলেছেন। যেখানে ১৪টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।
সেঞ্চুরির পথেই এগোচ্ছিলেন আরেক ব্যাটার হামজাও। তবে তাকে ৮৩ রানে ফিরিয়েছেন মুমিনুল। ৪০ ওভারেরও বেশি সময় ধরে উইকেটহীন ছিল বাংলাদেশ। একধিকবার বোলিং পরিবর্তন করেও যখন উইকেটের দেখা পাচ্ছিলেন না নাজমুল হোসেন শান্ত, তখন বল তুলে দেন মুমিনুলের হাতে। এই পার্টটাইম বোলারই শেষ পর্যন্ত দুইশোর্ধ্ব রানের জুটি ভেঙেছেন। মুমিনুলের অফ স্টাম্পের বাইরের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন হামজা।
সেঞ্চুরির পর দ্রুত রান তোলার চেষ্টা করেন অ্যাকারম্যান। তাতে হিতে বিরপরীত হয়েছে। হাসানকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারির সামনে ক্যাচ দেন এই ওপেনার। ১৬৪ বলে ১৫৭ রান করেছেন তিনি। তার ইনিংসে ছিল ২১ চার ও এক ছক্কা। 
পাঁচে নামা ব্রিটকিকে থিতু হতে দেননি হাসান। ৫৯তম ওভারের শেষ বলে এই ব্যাটারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। সাজঘরে ফেরার আগে ১৭ বলে ২ রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটার।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২