বাজারে শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু হওয়ায় শিম, ফুলকপি, বাঁধাকপি ও মুলার মতো কয়েক পদের সবজির দাম কমেছে। কিছুটা কমেছে ডিমের দামও।
তবে চড়ছে সরু ও মাঝারি চালের বাজার। দুই রকম চালের কেজিতে দাম বেড়েছে ২ থেকে ৫ টাকা পর্যন্ত। জিরা ও এলাচের মতো মসলার দামও ঊর্ধ্বমুখী।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় মোহাম্মদপুর টাউন হল বাজারে বেসরকারি চাকুরীজীবী আবু রায়হানের সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন তার হাতে ছিল কাটা মুরগি, আলু, ফুলকপি ও শিম।
পণ্যগুলো দেখিয়ে লালমাটিয়ার ভাড়া বাসার এ বাসিন্দা বলছিলেন, “একটার দাম কমলে আরেকটার বাড়ে। ডিম-মুরগি তো যা উঠছে, আর নামে না।”
তিনি বলেন, ব্রয়লার মুরগি ১৮৫ টাকা কেজি। অনেকদিন ধরে এই দাম। ৫ টাকা এদিক-ওদিক হয়। সবজি একটু কম, কিন্তু চারদিন আগে পুরনো আটাশ চালের ২৫ কেজির বস্তা কিনেছেন ১৪৫০ টাকা দিয়ে, যা গত মাসে কিনতে তার খরচ হয়েছে ১৩২০ টাকা।
এদিন রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, বছিলা বাজার ও টাউন হল বাজার ঘুরে যে চিত্র দেখা গেল, তার সঙ্গে আবু রায়হানের কথা মিলে যায়।
সরকারের হিসাবে অক্টোবর মাসটি শেষ হয়েছে ৮ দশমিক ২৭ শতাংশ সার্বিক মূল্যস্ফীতি রেখে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি। ২০২৫ সালের অক্টোবরে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ১৭ শতাংশ।
যদিও গত ২১ সেপ্টেম্বর মাসে অকটেন, ডিজেল ও পেট্রোলের দাম লিটারে বেড়েছে ২০ টাকা।
অক্টোবর মাসে জাতীয় গড় মজুরির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশ। আগের মাস সেপ্টেম্বরে এই হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। অগাস্টে ছিল ৮ দশমিক শূন্য ৫ শতাংশ। অর্থাৎ মজুরির হার ছিল কমতির দিকে।
নভেম্বরে রান্নার কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত সপ্তাহের তুলনায় সরু ও মাঝারি চালের দাম কেজিতে ২ থেকে ৫ টাকা বেড়েছে।
মোহাম্মদপুর কৃষি মার্কেটে সরু চাল ৭০ থেকে ৮৫ টাকা এবং মাঝারি চাল ৫৫ থেকে ৬৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তবে গত সপ্তাহের মতোই মোটা চাল ৫৫ থেকে ৬০ টাকায় কিনতে পারছেন ক্রেতারা।
সরু চালের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছি নাজিরশাইল। নভেম্বরের প্রথম দিন থেকেই এ চালের দাম বাড়া শুরু হয়েছে।
শুক্রবার বাজারে প্রতিকেজি নাজিরশাইলের দাম ৮৫ থেকে ৯০ টাকায় এসে ঠেকেছে। আরেক ধরনের নাজিরশাইল বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।
কৃষি মার্কেটের নতুন কাঁচাবাজার মার্কেটের আল্লাহর দান চাউল ভান্ডারের স্বত্বাধিকারী লোকমান বলেন, “ধানের দাম বাড়তি, মিলাররা দাম বাড়াইছে।”
তিনি বলেন, বস্তায় বেড়েছে ২৫০ থেকে ৩০০ টাকা। ৭৫ টাকার চাল ৮০ টাকায় বিক্রি করছেন। নাজিরশাইল বেশি বেড়েছে। দুই সপ্তাহ ধরেই বাড়ছে। ৭৫ টাকা কেজির নাজিরশাইল ৮৫ টাকায় বিক্রি করতে হচ্ছে।
নাজিরশাইলের দাম বাড়ায় বাজারে প্রচলিত মিনিকেট-২ চাল কিনছিলেন একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি মাহবুবুর রহমান।
তিনি বলেন, “প্রতি সপ্তায় চাল কিনি। গত সপ্তাহেও নাজির-২ কিনছি ৮০ টাকায়। আজকে সেই চাল ৮৫ টাকা। তাই এখন মিনিকেট কিনছি ৭৫ টাকায়।”
কৃষি মার্কেটের এ চাল বাজারের কয়েকটি দোকান ঘুরে দেখা যায়, মোটা মাঝারি চালের মধ্যে পাইজাম ৫৬ টাকা, বিআর আটাশ ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির মূল্যতালিকা বলছে, বৃহস্পতিবার নাজিরশাইল বিক্রি হয়েছে ৭০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তাদের হিসাবে গেল মাসের চেয়ে দাম বেড়েছে ৩ দশমিক ২৩ শতাংশ। তবে টিসিবির হিসাব বলছে, মাঝারি চালের দাম গেল মাসের চেয়ে ১ দশমিক ৬৩ শতাংশ কমেছে। যদিও মোটা চালের দাম বেড়েছে ২ দশমিক ৮৬ শতাংশ।
মোহাম্মদপুরের এই বাজারে মানভেদে জিরা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫৬০ থেকে ৬০০ টাকা। গেল সপ্তাহে দাম ছিল ৫০০ থেকে ৫৫০ টাকা।
ছোট এলাচের দাম গত সপ্তাহে ছিল ৪ হাজার ৩০০ থেকে ৫ হাজার ২০০ টাকা। এ সপ্তাহে বেড়ে ৪ হাজার ৬০০ থেকে ৫ হাজার ৫০০ টাকায় উঠেছে।
তবে এই দুই মসলা অল্পপরিমাণ কিনতে আরও বেশি টাকা খরচ করতে হয় ক্রেতাকে।
কৃষি মার্কেটের আজিজ মহল্লা গলির মুদি দোকান বিসমিল্লাহ ডিপার্টমেন্টাল স্টোর থেকে ৫০ গ্রাম এলাচ কিনতে ২৬০ টাকা দিতে হয়েছে ক্রেতা ইয়াসমিন আক্তারকে। আর ১০০ গ্রাম জিরা ৭০ টাকায় কিনেছেন তিনি।
তবে দেশি পেঁয়াজের দাম প্রতি কেজি ৪০ থেকে ৫৫ টাকার মধ্যে রয়েছে স্থির রয়েছে।
গত সপ্তাহে টাউন হল বাজারে শিম বিক্রি হয়েছে কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকায়। শুক্রবার সেই শিম মিলেছে ৫০ থেকে ৭০ টাকা। অর্থাৎ দাম কমেছে ১০ টাকা।
একইভাবে গত সপ্তাহে ফুলকপি বিক্রি হয়েছে প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা এবং বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকায়।
এ বাজারে মাঝারি আকারের ফুলকপি ও বাঁধাকপি পাওয়া যাচ্ছে ৩০ টাকায়। শীতের সবজির সরবরাহ বাড়ায় এই দরপতন হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
টাউন হলে বাজারের পূর্বপাশে মূল মার্কেটের বাইরে বসা সবজি বিক্রেতা নুরুল ইসলাম বলেন, “মাল পাওয়া যাচ্ছে, দামও পড়তির দিকে। বড়গুলো (ফুলকপি ও বাধাকপি) আসলে সামনে আরও কমবো।”
তবে সব সবজির দাম কমেনি। শুক্রবার বাজারে লম্বা বেগুন ৬০ থেকে ৮০ টাকা, করলা ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। নতুন আলু বিক্রি হচ্ছে প্রতিকেজি ১৪০ টাকায়।
আর কাঁচা মরিচ মানভেদে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
ডিম ও মুরগির বাজারেও গত সপ্তাহের তুলনায় কিছুটা পরিবর্তন এসেছে। আগের সপ্তাহে রাজধানীর বাজারে বাদামি ডিমের ডজন ছিল ১৪৫ থেকে ১৫০ টাকা। শুক্রবার টাউন হল বাজারে প্রতিডজন ডিম বিক্রি হয়েছে ১৩৫- ১৪০ টাকা।
ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহে ছিল কেজিপ্রতি ১৮০ থেকে ১৯০ টাকা। শুক্রবার বিক্রি হয়েছে ১৮০ থেকে ১৮৫ টাকায়। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকা কেজি দরে।
এছাড়া বাজারে গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
