নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নিউ মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর (সোমবার) এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কান্দিরপাড়ে নিউ মার্কেট প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার দীপক চন্দ্র সাহা।
এ সময় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মো. শহীদুল্লাহ, মনির হোসেন পারভেজ, উত্তম কুমার দত্ত, এম জি ফারুক ও আবুল হোসেন মজুমদার।
তফসিল ঘোষণার আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক, মহানগর বিএনপির ১ নম্বর সহসভাপতি এবং কুমিল্লা মহানগর দোকান মালিক সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. শওকত আলী বকুল।
তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং মার্কেটের সার্বিক উন্নয়নে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। সব ব্যবসায়ীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি যোগ্য ও গতিশীল নেতৃত্ব নির্বাচিত হওয়া প্রয়োজন। সেই নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে হবে।
সাংবাদিক শহীদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনজুরুল আলম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সওদাগর এবং যোগাযোগবিষয়ক সম্পাদক গোলাম সামদানী সমুন।
অনুষ্ঠানে নিউ মার্কেটের বিপুলসংখ্যক ব্যবসায়ী ও দোকান মালিক উপস্থিত ছিলেন।
