তানভীর দিপু।।
ক্ষুধা পেলেই খাচ্ছেন কলা-পাউরুটি, হাসপাতালে রোগীর জন্য নাস্তা কলা-ডিম কিংবা শিশুর প্রিয় খাবার পাকা কলা। নিম্ন আয়ের মানুষের কখনো দুপুর বেলার খাবারও হয় এই কলা পাউরুটি। অথচ সাধারন মানুষের এই নিত্য খাবারেই কলায় মেশানো হচ্ছে ক্ষতিকর রাসায়নিক। রাইপেন১৫ নামের ক্যামিকেল দিয়ে অকালে পাকানো হয় কাচা কলা- যা তুলা কিংবা আখের ফলন বৃদ্ধিতে ব্যবহারের জন্য ব্যবহার করা হয়। এমনকি ওই রাসায়নিকের বোতলের গায়ে লেখাও আছে ফল পাকানোর জন্য এই তরল ব্যবহার করা যাবে না। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এই কেমিক্যাল ব্যবহার করা কলা বা অন্যান্য ফল দীর্ঘদিন খেলে দুরারোগ্যব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা হয়। শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া গর্ভাবস্থায় মা এই রাসায়নিক মেশানো ফল খেলে শিশুর স্বাভাবিক বিকাশ বাঁধাগ্রস্ত হয়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সাবেক প্রধান ও বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ মিয়া মোহাম্মদ মনজুর আহমেদ জানান, এ ধরনের রাসায়নিকযুক্ত কলা খাওয়ার ফলে পেটে তীব্র অস্বস্তি, বদহজম, গ্যাস্ট্রিক, পেটব্যথা, বমি ভাব এবং পাতলা পায়খানার মতো সমস্যা দেখা দিতে পারে। রাসায়নিকের প্রভাবে দীর্ঘমেয়াদে স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি হতে পারে, যার ফলে মাথাব্যথা, মাথা ঘোরানো বা স্নায়ু দুর্বলতার মতো উপসর্গ দেখা দেয়। কৃত্রিমভাবে ফল পাকানোর কাজে ব্যবহৃত বিষাক্ত উপাদানগুলো নিয়মিত শরীরে প্রবেশ করলে লিভার ও কিডনির বড় ধরনের ক্ষতি হয় এবং এগুলোর স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। এই রাসায়নিকের সংস্পর্শে বা এর প্রভাবে শ্বাসতন্ত্রে জটিলতা সৃষ্টি হতে পারে। শ্বাসকষ্ট, হাঁপানি বা অ্যাজমার সমস্যা বহুগুণ বেড়ে যায়। এগুলোতে থাকা ক্ষতিকর ও বিষাক্ত অবশিষ্টাংশ দীর্ঘসময় ধরে শরীরে জমতে জমতে কোষের স্বাভাবিক গঠনে বাধা সৃষ্টি করে, যা পরবর্তীতে ক্যানসারের মতো মারাত্মক রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। রাসায়নিক মিশ্রিত ফল গর্ভবতী নারী ও শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর প্রভাবে গর্ভপাত কিংবা নবজাতকের শারীরিক ত্রুটি বা প্রতিবন্ধকতার ঝুঁকি থাকে।
কুমিল্লার ধর্মপুর এলাকার রেল স্টেশন এলাকার কলার আড়তদার কামাল হোসেন জানান, কুমিল্লা শহরে প্রতিদিন গড়ে পঞ্চাশ হাজার কলা বিক্রি হয় । মেহেরপুর এবং রংপুর থেকে সবচেয়ে বেশি সাগর কলা আসে। খাগড়াছড়িসহ অন্যান্য এলাকা থেকে চাপা কলা আসে। মূলত পরিবহনের সুবিধার জন্য কাঁচা কলা আসে এবং আড়তে এনে এসব পাকানো হয়। সবাই রাসায়নিক ব্যবহার করে কলাপাকায় এমন নয়। কিছু অসাধু ব্যবসায়ী এই রাসায়নিক ব্যবহার করে। যা মোটেও উচিত নয়।
কলা ব্যবসায়ী কামাল হোসেন আরো বলেন, আমি ৩৩ বছর ধরে কলা ব্যবসা করছি। চাইলে রাসায়নিক ব্যবহার ছাড়াও কলা পাকানো সম্ভব। যে দার্শনিক ব্যবহার করা হয় সেটি মানব দেয়ার জন্য ক্ষতিকর এটা সবাই জানে।
সম্প্রতি ভোক্তাঅধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে ধরা পড়েছে, রাইপেন ক্যাামিকেল দিয়ে পাকানো হচ্ছে কলা। এর দায়ে কুমিল্লা রেলস্টেশন সংলগ্ন রংমহল কলার আড়ত এবং হালিমের কলার আড়ত নামে দু' টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোঃ কাউসার মিয়া বলেন, আমাদের পর্যবেক্ষণ এবং অভিযোগ পেলে আমরা অভিযান পরিচালনা করে থাকি। রেলস্টেশনের দুই কলার আড়তে অভিযান করে রাইপেন রাসায়নিক ব্যবহার করে কলা পাকানোর প্রমাণ পাওয়া গেছে। যা অবশ্যই মানবদেহের জন্য ক্ষতিকর। এর আগেও লাকসামে অভিযান পরিচালনা করেও একই প্রমাণ পাওয়া যায়।
তিনি জানান, যারা এই ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে কলা পাকাচ্ছেন এবং তা বিক্রির জন্য বাইরে সরবরাহ করছেন আমরা তাদেরকে জরিমানার পাশাপাশি কলা ধ্বংস করছি।
অভিযানে অংশ নেয়া কুমিল্লা সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, সাধারণত সাগর কলা ও চম্পা কলাতে এই রাইপেন ব্যবহার হয়। স্বাভাবিকভাবে কলা পাকতে হয়তো তিন থেকে সাত দিনও লাগতে পারে। কিন্তু আড়তে এই রাইপেন দিয়ে একদিন ঢেকে রেখে পরদিনই বিক্রির জন্য বাজারে ছেড়ে দেয়া হয়। কখনো এমনও হয়- রাইপেন ছিটিয়েই বাজারে ছেড়ে দেয়া হয়। আবার সেটার গায়ে স্পষ্ট লেখা আছে- কলা পাকানোর জন্য ব্যবহার করা যাবে না। তাহলে বুঝেন আমরা খাচ্ছিটা কি?
আবুল কালাম আজাদ আরো বলেন, যে ফল পাকেনি সেটাকে জোর করে পাকিয়ে আমরা শিশুদের কিংবা অসুস্থ মানুষকে খাওয়াচ্ছি! তার ফল অবশ্যই ভয়ংকর। আমরা নিয়মিত পর্যবেক্ষণ ও অভিযান করছি। আশা করি এর ব্যবহার বন্ধ হবে।
