শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩
দাম সাধারণের নাগালের মধ্যে রাখুন
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

দাম সাধারণের নাগালের মধ্যে রাখুনএক মাসের ব্যবধানে চালের বাজারে আবারও চেপে বসেছে অস্থিরতা। চালের দাম কেজিতে বেড়েছে ৩ থেকে ৪ টাকা। এক মাস আগে ৭০-৮৫ টাকায় বিক্রি হলেও গত কয়েক দিনে সরু চাল ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হয়। মাঝারি চাল ৫৬ থেকে ৬৫ টাকা ও মোটা চাল ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়। বিভিন্ন কারণে চালের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছে। খুচরা চাল বিক্রেতারা বলছেন, মিলমালিকরা চালের দাম বাড়াচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, চালের দাম বাড়ার পেছনে কোনো ধরনের সিন্ডিকেট নেই। দেশে পর্যাপ্ত চাল রয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে চাল সরবরাহ করা হচ্ছে। ব্যবসায়ীরা দাম বাড়ার পেছনে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে দায়ী করছেন। সরকার কিছুদিন আগে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে। এতে পরিবহন খরচও বেড়েছে। সরকারি প্রতিষ্ঠান টিসিবিও বলছে, মাসের ব্যবধানে সরু চালের দাম বেড়েছে ৩ শতাংশ। খবরের কাগজের সংবাদে এমনই তথ্য উঠে এসেছে।
চাল উৎপাদন ও সারা দেশে বিপণনের প্রধান কেন্দ্র নওগাঁ, কুষ্টিয়া, চট্টগ্রামে ধান-চালের বাজার অস্থির হয়ে উঠেছে। মাত্র এক মাসের ব্যবধানে মাঝারি ও সরু দুই ধরনের ধানের দাম মণপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়ে এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে খুচরা বাজারে। খুচরা বাজারের হাতবদলে কেজিতে ৪ থেকে ৮ টাকা পর্যন্ত অতিরিক্ত দাম পরিশোধ করতে হচ্ছে ভোক্তাদের। এদিকে ব্যবসায়ীদের দাবি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বেড়েছে। এ কারণে ধান-চালের দাম সমন্বয় করতে হয়েছে। মিলমালিক ও ব্যবসায়ীদের দাবি, শুধু ধানের দাম নয়; বিদ্যুৎ বিল, শ্রমিকের মজুরি এবং জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচও কেজিতে বেড়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, দেশে মূল্যস্ফীতি এখন অনেক বেশি। বিভিন্ন সংস্থার গবেষণায় বিষয়টি উঠে এসেছে। দেশে দারিদ্র্যের সংখ্যা বেড়েছে। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে আগের তুলনায় প্রায় ২১ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যের মধ্যে পড়েছেন এবং কর্মসংস্থানের গতি কমেছে। এদিকে সাধারণ মানুষের আয়ের তুলনায় জীবনযাত্রার ব্যয় বা পণ্যের দাম দ্রুত বাড়ছে। ফলে প্রকৃত আয় ও সঞ্চয় উভয়ই কমে যাচ্ছে। এরই মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে চাপে পড়েছেন সাধারণ মানুষ। আয় না বাড়লেও সংসারের খরচ বেড়েছে। বাজারে গিয়ে অনেকে চাহিদামতো চাল কিনতে পারছেন না। নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারেও বাড়ছে সংসার সামলানোর চাপ।
খাদ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে খাদ্যশস্য বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ লাখ ৪ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৭ হাজার টন কম।
তথ্য বলছে, খাদ্যনিরাপত্তার ঝুঁকিতে থাকা মানুষ ২৮ লাখ বেড়েছে; অর্থাৎ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকা মানুষ বাড়লেও সরকারের বরাদ্দ সে অনুযায়ী বাড়েনি, বরং কমেছে। এ সময় সরকারের উচিত আরও বেশি খাদ্য ও পণ্য বাজারে ছাড়া, যাতে শহর-গ্রামে নতুন করে সংকটে পড়া মানুষ অল্প দাম দিয়ে খাদ্য কেনার সামর্থ্য রাখেন।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের পূর্বাভাস অনুযায়ী, চলতি মৌসুমে বিশ্বে চালের উৎপাদন কমতে পারে। এশিয়ায় বিশ্বের অর্ধেকের বেশি চাল উৎপাদিত হওয়ায় এ অঞ্চলের আবহাওয়ার বিরূপ প্রভাব আন্তর্জাতিক সরবরাহে বড় ধরনের চাপ তৈরি করতে পারে। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে চালের দাম প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের জন্যও উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক বাজারে চালের দাম বাড়লে আমদানি ব্যয় বৃদ্ধি এবং দেশের বাজারে মূল্যস্ফীতির চাপ তৈরি হতে পারে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চালের বাজারে মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের টিম নিয়মিত তদারকি করছে বলে জানিয়েছে। বাজারে কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট তৈরির প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তারা। এত কিছুর পরও কেন চালের দাম বেড়েই চলছে? বিভিন্ন তথ্য বলছে, দেশে চাল ও গমের মজুত রয়েছে। বিশেষ করে খাদ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, সরকারের চাল ও গম মজুত আছে ২১ লাখ টনের বেশি। কিন্তু ভোক্তাদের কেন বাড়তি চাপ সামলাতে হচ্ছে। এ বিষয়টি নিয়ে সরকারকে ভাবতে হবে।
প্রায় ছয় মাস ধরে ট্রাকসেলের কার্যক্রমও বন্ধ রেখেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এতে নিম্ন ও সাধারণ আয়ের মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এমনিতেই দিনের পর দিন গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে বাড়তি চাপ। তার ওপর চালের দাম আবারও বৃদ্ধি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যদিও সরকার স্মার্ট পরিবার কার্ডের আওতায় প্রায় ৭৫ লাখ পরিবারকে প্রতি মাসে ভর্তুকি মূল্যে পণ্য দিয়ে থাকে, যা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। এ বিষয়টি নিয়ে সরকারকে ভাবতে হবে। তার ওপর চালের দাম বৃদ্ধি সাধারণ ও নিম্ন আয়ের মানুষকে ভাবিয়ে তুলেছে। আমরা মনে করি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার কার্যকর ব্যবস্থা নেবে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২