সুনামগঞ্জের যাদুকাটা নদী শুধু প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের আধার নয়, এটি দেশের অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। নদীটির বালু-পাথরসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদকে ঘিরে গড়ে উঠেছে বড় অর্থনৈতিক কর্মকাণ্ড। জলমহাল, বালুমহাল ও পাথরমহাল থেকে সরকার প্রতিবছর বিপুল রাজস্ব পায়। কিন্তু এই সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি থাকলে তা যেমন সরকারি রাজস্ব হারায়, তেমনি পরিবেশ ও জনজীবনের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনে। যাদুকাটা নদীর দুটি বালুমহালের সাম্প্রতিক ইজারা-প্রক্রিয়া সেই উদ্বেগই নতুন করে সামনে এনেছে।
প্রশ্ন উঠেছে, আগের ইজারায় ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি আদালতে গ্রহণযোগ্য না হওয়ার পরও কীভাবে একজন সাবেক ইজারাদারকে বিশেষ বিবেচনায় বালু উত্তোলনের একক অনুমতি দেওয়া হলো? বাংলা ১৪৩২ সনের জন্য যাদুকাটা-১ ও ২ বালুমহাল মোট ১০৮ কোটি টাকায় ইজারা দেওয়া হয়েছিল। মামলাসংক্রান্ত জটিলতায় ইজারাদাররা প্রায় পাঁচ মাস পর মহাল দুটির দখল বুঝে পান। মেয়াদ শেষ হওয়ার আগে তারা আরও পাঁচ মাস বালু উত্তোলনের অনুমতি চেয়ে হাইকোর্টে রিট করেন। কিন্তু আদালত তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি গ্রহণ করেননি। এরপর জেলা প্রশাসন বালু উত্তোলন বন্ধের বিজ্ঞপ্তি জারি করে।
এর পরও দুই সাবেক ইজারাদারের একজনকে গত ২২ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয় বিশেষ বিবেচনায় বালু উত্তোলনের অনুমতি দেয়। প্রশ্ন হলো, আদালতে প্রত্যাখ্যাত একটি দাবি মন্ত্রণালয়ের বিবেচনায় কীভাবে গ্রহণযোগ্য হয়ে উঠল? অভিযোগ রয়েছে, আদালতের আদেশের তথ্য গোপন করেই মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। এমন অভিযোগ সত্য হলে তা শুধু প্রশাসনিক স্বচ্ছতার প্রশ্ন নয়, আদালতের আদেশের প্রতিও অসম্মান। নিয়ম অনুযায়ী বালুমহাল ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে প্রকাশ্য দরপত্র আহ্বান অথবা খাস আদায়ের ব্যবস্থা করার কথা। সেখানে এক ব্যক্তিকে এককভাবে উত্তোলনের সুযোগ দেওয়ার আইনগত ও প্রশাসনিক ভিত্তি কী, তা জনসমক্ষে স্পষ্ট করা জরুরি।
অনুমতি দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব এবং সরকারি রাজস্বের ৫৫ শতাংশ ভাগবাঁটোয়ারার অভিযোগও উঠেছে। সংশ্লিষ্ট ইজারাদারের ক্ষমতাসীন দলের স্থানীয় পদ ও সংসদ সদস্যের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি এ বিতর্ককে আরও সংবেদনশীল করেছে। যদিও সংসদ সদস্য ও ইজারাদার এসব অভিযোগ অস্বীকার করেছেন, তবু অভিযোগগুলো নিরপেক্ষ তদন্তের দাবি রাখে। এর আগে সাত মাসে সরকারের সম্ভাব্য ৭৯ কোটি টাকা রাজস্ব হারানোর অভিযোগও রয়েছে। এত বড় অঙ্কের রাজস্ব নিয়ে প্রশ্ন উঠলে তার যথাযথ হিসাব প্রকাশ করা প্রশাসনের দায়িত্ব।
সবচেয়ে উদ্বেগজনক বিষয়, এই বিতর্কের আড়ালে যাদুকাটা নদীর পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি বেড়েই চলেছে। অপরিকল্পিত বালু-পাথর উত্তোলন ও নদীর পাড় কাটার ফলে ভাঙন বেড়েছে, বিস্তীর্ণ এলাকা বিলীন হয়েছে। ঝুঁকিতে পড়েছে জনপদ, নির্মাণাধীন সেতু ও ঐতিহ্যবাহী শিমুল বাগান। ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য।
যাদুকাটার সম্পদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়; এটি জনগণের। তাই বিশেষ বিবেচনার নামে এককভাবে বালু উত্তোলনের অনুমতির পূর্ণাঙ্গ শর্ত ও আইনগত ভিত্তি প্রকাশ করতে হবে। রাজস্ব ভাগবাঁটোয়ারার অভিযোগ, সম্ভাব্য আর্থিক ক্ষতি এবং আদালতের আদেশ উপেক্ষার অভিযোগের স্বাধীন তদন্ত প্রয়োজন। পাশাপাশি নদীটির পরিবেশগত ক্ষতি নিরূপণ করে উত্তোলনের সীমা ও কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয় বা প্রভাব নয়, আইন ও জনস্বার্থই হতে হবে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার একমাত্র ভিত্তি। অন্যথায় যাদুকাটা থেকে বালু-পাথর আহরণের অর্থনৈতিক কর্মকাণ্ড একসময় নদীটির অস্তিত্ব এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকা দুটিই বিপন্ন করে তুলবে।
