দেশে এখন বেপরোয়া হয়ে উঠেছে মাদক, অস্ত্র ও মানব পাচার চক্র। গত সপ্তাহে তিন দিন ধরে পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন এলাকার সাধারণ বাসিন্দা এবং স্থানীয় পর্যায়ে কর্মরত গোয়েন্দাদের সঙ্গে কথা বলে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছেন। এসব তথ্য সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে। তারা জানিয়েছেন, আধুনিক বাহিনীগুলো যে ধরনের অস্ত্র-সরঞ্জাম ব্যবহার করে থাকে, বর্তমানে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোও প্রায় একই ধরনের আগ্নেয়াস্ত্রের মজুত গড়ে তুলছে। তাদের হাতে এখন রয়েছে স্বয়ংক্রিয় অত্যাধুনিক রাইফেল, আধুনিক ড্রোন, নাইট ভিশন ক্যামেরা, স্নাইপার রাইফেল, রকেট লঞ্চার, মেশিনগানসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র। এমনকি বিমানবিধ্বংসী অস্ত্র তাদের ভান্ডারে বা বহরে রয়েছে বলে বিভিন্ন তথ্যে জানা গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পাহাড়ের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য ও অনুসারীরা অত্যাধুনিক সমরাস্ত্রের ছবি ও ভিডিও প্রকাশ করে নিজেদের সামরিক শক্তি ও সক্ষমতা প্রদর্শন করে আসছে। এ ছাড়া কক্সবাজারের টেকনাফ অঞ্চলে সাগর তীরবর্তী সীমান্ত এলাকা বর্তমানে ‘ডেঞ্জার জোনে’ পরিণত হয়েছে। সেখানে ইয়াবা তথা মাদক কারবারিদের দৌরাত্ম্যের পাশাপাশি বেপরোয়া হয়ে উঠেছে সশস্ত্র মানব পাচারকারী চক্র।
সর্বশেষ গত বৃহস্পতিবার বিকেলে রঙ্গিখালী পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানের ঘটনা টেকনাফের অপরাধ তৎপরতায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে ভাবিয়ে তুলছে সংশ্লিষ্টদের। যৌথ বাহিনীর ওই অভিযানে মানব পাচারকারীদের সঙ্গে গোলাগুলির সময় সেনাবাহিনীর এক সদস্য নিহত হন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক, একই সঙ্গে উদ্বেগেরও। কিছুদিন থেকে ওই এলাকায় মানব পাচারকারীদের দৌরাত্ম্যের খবর আলোচনায় আসছে। সন্ত্রাসীরা সাধারণ মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায় এবং জোরপূর্বক বিদেশে পাচার করে থাকে। অভিযোগ রয়েছে, এসব এলাকার স্থানীয় বাসিন্দারা সব সময় অপহরণ আতঙ্কে ভোগেন। সম্প্রতি যৌথ বাহিনী জানতে পারে, ২ শতাধিক মানুষকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে টেকনাফের বিভিন্ন পাহাড়ে দীর্ঘদিন আটকে রাখা হয়েছে। এর পরই নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান শুরু করে।
স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, বর্তমানে টেকনাফ, উখিয়াসহ ওই সীমান্ত এলাকায় রোহিঙ্গা বসতি ঘিরে মাদকের পাশাপাশি দুর্র্ধষ অপহরণকারী বা মানব পাচারকারী চক্র গড়ে উঠেছে। দেশ-বিদেশি সদস্য নেটওয়ার্ক গড়ে অপরাধ চালিয়ে যাচ্ছে সশস্ত্র চক্রগুলো। এর মধ্যে মায়ানমারের মংডু থেকে নাফ নদী, সাগরপথ, পাহাড়ি সীমান্ত ও বিভিন্ন নৌঘাট ব্যবহার করে মাদক বাংলাদেশে প্রবেশ করছে। এরপর এসব মাদক টেকনাফ, উখিয়া, রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার হয়ে দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে বলে তাদের দাবি। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্প ঘিরে একাধিক ডাকাত অপহরণকারী চক্রের তৎপরতার কারণে টেকনাফের ওই এলাকায় কিছুদিন ধরে আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে নতুন করে রঙ্গিখালী পাহাড়ে মানব পাচারকারী চক্রের আস্তানা ও সশস্ত্র তৎপরতা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভীতির সৃষ্টি করেছে।
অস্ত্রের ভয় দেখিয়ে প্রতিবছর সশস্ত্র গোষ্ঠীগুলো পার্বত্য অঞ্চল থেকে প্রায় ২ হাজার কোটি টাকা চাঁদাবাজি করে থাকে। চাঁদাবাজির এই বিপুল পরিমাণ টাকা দিয়েই সশস্ত্র গোষ্ঠীগুলো আধুনিক অস্ত্র-সরঞ্জাম বাড়াচ্ছে। আধিপত্য বজায় রাখতে মরিয়া হয়েছে আঞ্চলিক সংগঠনগুলো। অস্ত্র কেনাবেচার কাজে সীমান্তবর্তী বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে আঁতাত করছে বলে খবরের কাগজের তথ্যে উঠে এসেছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হলে বেপরোয়া মাদক, অস্ত্র ও মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। যারা এ ধরনের অপরাধে যুক্ত, তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। এসব চক্রের মূল হোতারা যেন ধরাছোঁয়ার বাইরে না যায়, সে জন্য সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে হবে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যুগোপযোগী ও তাদের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিতে হবে। এসব অপরাধ নিয়ন্ত্রণে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তথ্য আদান-প্রদানে একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
