শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩
পরিকল্পিত ও টেকসই নগর গড়ে তুলুন
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

পরিকল্পিত ও টেকসই নগর গড়ে তুলুনঅপরিকল্পিত নগরায়ণ ও নাগরিক সেবার ঘাটতিতে রাজধানী ঢাকা এখন বাসযোগ্যতার তলানিতে অবস্থান করছে। প্রতিদিনই মানুষ গ্রাম থেকে রাজধানীতে ছুটছেন। অথচ এই বাড়তি জনসংখ্যার জন্য বাড়ছে না কোনো সুযোগ-সুবিধা। এতে মানুষের শারীরিক ভোগান্তির পাশাপাশি নষ্ট হচ্ছে হাজার হাজার কর্মঘণ্টা, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। নগর পরিকল্পনাবিদদের মতে, এ পরিস্থিতি অব্যাহত থাকলে বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের পিছিয়ে পড়ার ঝুঁকি আরও বাড়বে। সম্প্রতি পালিত হলো বিশ্ব নগর পরিকল্পনা দিবস। প্রতিবছর পরিকল্পিত বাসযোগ্য টেকসই নগর গড়ে তোলার গুরুত্ব তুলে ধরতে দিবসটি পালিত হয়। নগর পরিকল্পনাবিদদের মতে, ভবিষ্যৎ জনসংখ্যার চাপ সামাল দিতে পানি নিষ্কাশন, আবাসন, পরিবহন, জলাধার ও উন্মুক্ত স্থান সংরক্ষণে ঢাকায় সমন্বিত পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন জরুরি।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ইউএন ডেসা) অনুযায়ী, ২০২৫ সালে ৩ কোটি ৬৬ লাখ জনসংখ্যা নিয়ে ঢাকা ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নগরী, ২০৫০ সালে হতে পারে বিশ্বের সবচেয়ে জনবহুল নগরী। এ ছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ২০২২ অনুযায়ী, দেশে নগর জনসংখ্যা প্রায় ৫ কোটি ২০ লাখ। এর মধ্যে ঢাকা বিভাগেই বসবাস করেন ৪ কোটি ৪৪ লাখের বেশি মানুষ।
বায়ুদূষণ ঢাকার অন্যতম সমস্যা। ইটভাটার ধোঁয়া, যানবাহনের নির্গমন, নির্মাণকাজের ধুলা ও রাস্তার ধুলাবালি দূষণের প্রধান উৎস। আইকিউএয়ারের ২০২৬ সালের ১৭ আগস্ট প্রকাশিত সূচকে ঢাকার অবস্থান ছিল বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৮তম, বায়ুমান সূচক ছিল ৭৯। ঢাকার আশপাশে প্রায় ২ হাজার ইটভাটা রয়েছে বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের হিসাব অনুযায়ী, বাংলাদেশে বায়ুদূষণজনিত রোগে বছরে ১ লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে। কাজ, শিক্ষা, জীবিকার আশায় মানুষ ঢাকামুখী হওয়ায় আবাসন, পরিবহন, পানীয় জল, পয়োনিষ্কাশন ও নাগরিক সেবার ওপর চাপ বাড়ছে। অপরিকল্পিত নগরায়ণ, বর্জ্য ও পানি নিষ্কাশনব্যবস্থার দুর্বলতাও ডেঙ্গুর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। চারদিকে জলাধার হারিয়ে বাড়ছে জলাবদ্ধতা। দূষণে বিপন্ন হচ্ছে জনস্বাস্থ্য।
বসবাসযোগ্যতার সূচকে ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭১তম। নগর পরিকল্পনাবিদদের মতে, এর প্রধান কারণ অপরিকল্পিত নগরায়ণ ও ঢাকামুখী মানুষের চাপ। দ্রুত বর্ধনশীল নগরীর জন্য প্রয়োজনীয় আবাসন, সড়ক, বর্জ্য ব্যবস্থাপনা, পয়োনিষ্কাশন ও ড্রেনেজ অবকাঠামো গড়ে তোলা সম্ভব হয়নি। এতে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি সামগ্রিক উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। ঢাকার চাপ কমাতে উত্তরা ও পূর্বাচলকে স্যাটেলাইট টাউন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হলেও তা প্রত্যাশা পূরণ করতে পারেনি। শুধু মেট্রোরেল বা নতুন অবকাঠামো নির্মাণ করে ঢাকার যানজট ও বাসযোগ্যতার সংকট দূর করা যাবে না। সরকারি দপ্তর, শিল্পকারখানা ও বাণিজ্যিক কার্যক্রম দেশের বিভিন্ন অঞ্চল ও জেলায় ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি জলাধার ও সবুজ এলাকা পুনরুদ্ধার, অপরিকল্পিত ভবন নির্মাণ বন্ধ এবং উন্নয়ন পরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
পরিকল্পিত ও টেকসই নগর গড়ে তুলতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নগর পরিকল্পনাবিদ এবং বিশেষজ্ঞদের পরামর্শ কাজে লাগাতে হবে। ঢাকামুখী মানুষের চাপ কমাতে তৃণমূল পর্যায়ে; অর্থাৎ গ্রাম, উপজেলা, জেলা ও বিভাগীয় শহরে কর্মসংস্থান ও নাগরিক সুবিধা বাড়িয়ে বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে হবে। আশা করছি, সরকার পরিকল্পিত ও টেকসই নগর গড়তে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২