ফারুক আহাম্মদ,ব্রাহ্মণপাড়া ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিনজন ও এজাহারনামীয় এক পলাতক আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত থেকে বুধবার (১১ নভেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, থানার এসআই সুজন কুমার আচার্য্যের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি উপজেলার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের কল্পবাস গ্রামের মো. সালাউদ্দিন (২৯) এবং বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে প্রাপ্ত শশীদল ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মো. রিহানকে (২২) গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে চুরির মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মো. ফারুক ভূঁইয়াকে (৩৬) গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর একটি মামলার এজাহারনামীয় পলাতক আসামি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বল্লভপুর গ্রামের সোহেল মিয়াকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তার চার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
