এমএ কাশেম ভূঁইয়া- হোমনা ।।
কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রীসহ আলোচিত ট্রিপল মার্ডার কান্ডের ১০মাস পর দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপুর্ণ তথ্য পেয়েছে দাবী করে আদালতের মাধ্যমে তাদেরকে গতকাল (১০নভেম্বর) মঙ্গলবার বিকালে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলো, হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত চান মিয়া সওদাগরের ছেলে শহিদুল্লাহ (৪০) ও খলিল ভূইয়ার ছেলে কাউছার মিয়া (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, ট্রিপল হত্যাকাণ্ডের ঘটনায় নিহত পাপিয়া আক্তার প্রকাশ সুখীর স্বামী প্রবাসী জহিরুল ইসলাম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হোমনা থানায় গত ১৯ ফেব্রুয়ারী-২৬ মামলা নং ১১ রুজু করেন। মামলাটি দীর্ঘদিন পুলিশ তদন্ত করে কোন কূল কিনারা করতে না পারায়, পরে জেলা অপরাধ তদন্ত বিভাগ (সি.আই.ডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পি.বি.আই) ও গোয়েন্দা পুলিশ (ডিবি) আলাদা আলাদা তদন্তে নামে। এরপর সন্দেহ ভাজনদের একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয় এবং তাদের গতিবিধি নজরদারী করেন।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ও.সি) টমাস বড়ুয়া বলেন, হত্যাকান্ডের সঙ্গে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দু'জনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামীদের রিমান্ড আবেদন করবো। আশা করি, রিমান্ডে রহস্য উন্মোচন করা সম্ভব হবে।
উল্লেখ্য, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি রাতে হোমনার উত্তর মনিপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের বিল্ডিং এ প্রবেশ করে দুর্বৃত্তরা তার স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৩২), চার বছর বয়সী ছেলে মোহাম্মদ হোসাইন ও পাঁচ বছর বয়সী ভাতিজা জুবায়েরকে গলা কেটে হত্যা করে।
