চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে জামাল উদ্দিন(৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের গুণবতী রেলষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন লাকসাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব চন্দ্র কর।
গুণবতী রেল ষ্টেশন মাস্টার এসএম ফখরুল আলম জানান, বুধবার সকালে চাঁদপুর থেকে মেঘনা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে রেললাইনের গুণবতী ষ্টেশন এলাকায় ট্রেনটি পৌঁছলে হঠাৎ বৃদ্ধ জামাল উদ্দিন লাইন পার হওয়ার সময় ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জের কামতা গ্রামের মজুমদার সওদাগরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গুণবতী পরিত্যক্ত খাদ্য গুদামের পাশেই পরিবার নিয়ে বসবাস করতো। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। খবর পেয়ে লাকসাম জিআরপি থানা পুলিশ মরদেহ উদ্ধার শেষে থানায় নিয়ে যায়।
লাকসাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব চন্দ্র কর বলেন, মরদেহ উদ্ধারের পর আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
