সৌদি আরবের দাম্মামে আগামী ৭ নভেম্বর থেকে পুনরায় ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স; রিয়াদের ব্যাপারে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধই থাকছে।
দেশটির বিভিন্ন বিমানবন্দরে ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলার ঘটনায় দাম্মাম ও রিয়াদ রুটে ৪ নভেম্বর পর্যন্ত ফ্লাইট বাতিল-স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল বিমান।
তবে দাম্মামে আগামী শনিবার থেকে ফ্লাইট চালু করার ঘোষণা দিয়ে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান পরিবহন সংস্থাটি বলেছে, যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক সুরক্ষার বিষয় বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন দিনের বেলায় ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত হবে।
আর রিয়াদের ব্যাপারে বিমান বিজ্ঞপ্তিতে বলেছে, “ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।”
টিকেট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলা শুরুর পর ঢাকা থেকে এ পর্যন্ত ১৬৫টি ফ্লাইট বাতিল-স্থগিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ২২ হাজার ৯১৭ জন যাত্রী।
শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য বলছে, ঢাকা থেকে এ পর্যন্ত ৮৮টি সরাসরি ফ্লাইট এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত ঘোষণা করা হয়েছে। বাতিল বা স্থগিত সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২১টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১৬টি ফ্লাইট রয়েছে।
বাতিল ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইন্ডিগো এয়ারলাইন্সের; ভারতীয় এই এয়ারলাইন্সের ৩০টি ফ্লাইট বাতিল হয়েছে।
এছাড়া এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, সালাম এয়ারের সাতটি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাই দুবাইয়ের আটটি, এয়ার ইন্ডিয়ার আটটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।
