বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘এআইএস কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের অ্যাকাউন্টিং ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘এআইএস কার্নিভাল ২০২৬’। মঙ্গলবার (০৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের কনফারেন্স কক্ষে কার্নিভালের সমাপনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক এবং এআইএস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহাদাত হোসেন। এতে সভাপতিত্ব করেন অ্যাকাউন্টিং ক্লাব এক্সিকিউটিভ কমিটি-২০২৬-এর সভাপতি ড. ফাহমিদা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এম এম শরীফুল করীম বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ মডেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে আধুনিক ‘গ্রিন ক্যাম্পাস’ ফ্রেমওয়ার্ক বাস্তবায়নে কাজ চলছে, যার সুফল খুব দ্রুতই দৃশ্যমান হবে। কেবল সিজিপিএ নয়; নেতৃত্বগুণ, গবেষণা ও বাস্তবমুখী দক্ষতাই আন্তর্জাতিক পরিমণ্ডলে শিক্ষার্থীদের এগিয়ে রাখে। এ জন্য তিনি সহশিক্ষা কার্যক্রমে সমস্যা সমাধান ও গবেষণাধর্মী বিষয় অন্তর্ভুক্ত করা এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক সনদ দেওয়ার ওপর জোর দেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সম্পূর্ণ শিক্ষার্থীবান্ধব উল্লেখ করে উপাচার্য আরও জানান, সহশিক্ষা কার্যক্রমকে একাডেমিক ক্রেডিটের আওতায় আনার লক্ষ্যে কাজ করছে আইকিউএসি। পাশাপাশি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক ভাষা কেন্দ্রের মাধ্যমে ২১তম ব্যাচ থেকে ইংরেজির পাশাপাশি যেকোনো একটি বিদেশি ভাষা শিক্ষাদান বাধ্যতামূলক করা হচ্ছে এবং অর্গানোগ্রামে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মতো যুগোপযোগী নতুন বিভাগ খোলার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। বক্তব্যের শেষে তিনি বিদায়ী ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের সফল ভবিষ্যৎ কামনা করে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল অ্যালামনাই হিসেবে জুনিয়রদের পথপ্রদর্শক হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে কার্নিভালের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভাগের শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

  












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২