
ফরাসি লিগ ওয়ানে আবারও নিজেদের শক্তির জানান দিল প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। প্রতিপক্ষের মাঠে লে হাভরে এসিকে ৫-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে এদিনের ম্যাচে সব আলো কেড়ে নিয়েছেন মরক্কান তারকা আশরাফ হাকিমি। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে দলকে জিতিয়েছেন তিনি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুই গোল।
শুক্রবার (৩০ অক্টোবর) স্টাদ ওশিয়ানে স্টেডিয়ামে পুরো ম্যাচে ৭১ শতাংশ বল দখলে রাখলেও শুরুটা ভালো ছিল না পিএসজির। ১৮ মিনিটে জোশ মাজার গোলে এগিয়ে যায় স্বাগতিক লে হাভরে। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় প্যারিসের দলটি।
২৫ মিনিটে হাকিমির পাস থেকে গোল করে সমতা ফেরান মিকা গডস। দুই মিনিট পর সেনি মায়ুলুর পাসে গোল করে পিএসজিকে এগিয়ে দেন হাকিমি।
প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকে পিএসজি। বিরতির পর আরও আক্রমণাত্মক ফুটবর খেলতে থাকে দলটি। ৫৫ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিক থেকে নিজের দ্বিতীয় গোল করেন হাকিমি। এতে করে ৩-১ গোলে এগিয়ে যায় পিএসজি। সাত মিনিট পর আবারও গোলের কারিগর এই মরক্কান তারকা। তার পাস থেকে জালের দেখা পান সেনি মায়ুলু।
হাভরের নেয়া গোলমুখে ১০টি শটের ৬টি ছিল লক্ষ্যে। অপরদিকে পিএসজির নেয়া ১৪টির ১০টিই ছিলো লক্ষ্যে।
এরপর ৬৯ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন হাকিমি। মিকা গডসের শট ফিরিয়ে দেন গোলরক্ষক। ফিরতি বলে লক্ষ্যভেদ করেন হাকিমি। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।
এই জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল প্যারিসের ক্লাবটি।
