
আসন্ন মৌসুমে মাঠে গড়াবে না বিপিএল। যে কারণে নতুন করে ডমেস্টিক-থ্রি নামে টুর্নামেন্ট করতে যাচ্ছে বিসিবি। ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্টের নিলামও। ডিসেম্বরে মাঠে গড়াবে টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা।
ডি-থ্রি নিলামের মতো ঢাকা লিগের দল গঠনেও নিলাম আয়জোনের কথা জানালেন ক্রীড়া সংগঠক লুৎফর রহমান বাদল। তিনি বলছিলেন, 'এই বোর্ডকে ধন্যবাদ দেই। ডি থ্রি করছে, ম্যাচ ফি দিয়ে। যদি বিপিএলেও নিলাম হয়, সাকিব-তামিমরা কিন্তু কোটি টাকায় বিক্রি হয়েছে। এবার ডি থ্রি নিলামে ২ কোটি ৩০ লাখ পয়েন্টে বিক্রি হয়েছে। যে প্লেয়ার কোটি টাকায় বিক্রি হয়েছে, সেই প্লেয়ারই কোটি পয়েন্টে বিক্রি হয়েছে। তার মনমানসিকতা কী হবে চিন্তা করেন।'
'আমি বোর্ডকে অনুরোধ করব, ডিপিএলেও যদি পয়েন্ট সিস্টেম করে, তাহলে আমাদের কোটি কোটি টাকা তো বেঁচে যাবে। ম্যাচ ফি দিয়ে যদি ক্রিকেটারদের নিতে পারি। বোর্ডকে অনুরোধ করব ডিপিএলেও যেন পয়েন্ট দিয়ে দল গঠন করা যায়।'
পরে বিপিএল নিয়ে বাদল বললেন, 'গত বিপিএলে আমরা অনেক লস করেছি। ব্যবসা হিসেবে দেখলে লস হয়েছে, ব্যবসা হিসেবে এটা বন্ধ করা উচিত হয়েছে। আমার কাছে মনে হয়, ক্রিকেটারদের কথা চিন্তা করে বিপিএলকে অন্যভাবে (করতেও পারত)। গতবার ১-২ মাসের নোটিশে নতুন বোর্ড বিপিএল করেছে, এরপর অনেক কিছু প্রশ্নবিদ্ধ হয়েছে। আমি আগেও বলেছি আমাদের স্ট্রাকচারটাই ভালো না।'
