ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ২০ লাখ ৩০ হাজার টাকা।
গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে পরিচালিত পৃথক অভিযানে এসব মালামাল আটক করা হয়। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজিবি সূত্র জানায়, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে শশীদল ও সালদানদী বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) টহল দল এ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, কসমেটিক্স, থ্রি-পিস ও বিভিন্ন অবৈধ পণ্যসামগ্রী, যা ভারত থেকে অবৈধ উপায়ে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছিল। বিজিবির উপস্থিত টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকেই আটক করা সম্ভব হয়নি।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরণের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।
