শাহীন আলম ।।
কুমিল্লার দেবিদ্বারে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে আব্দুল খালেক (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার ধামতী ইউনিয়নের দক্ষিণখার গ্রামের আলী আজ্জমের বাড়ির পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল খালেক ধামতী ইউনিয়নের দক্ষিণখাড় গ্রামের জমিরউদ্দিনের বাড়ির মৃত জুনাব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানয় নসু মার্কেটের আলম ডাক্তারের ফার্মেসি থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি তার।
এদিকে বৃহস্পতিবার সকালে পথচারীরা দক্ষিণখার গ্রামের আলী আজ্জমের বসতঘরের পাশের ডোবায় মানুষের মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমাম হাসান ও উপ-পরিদর্শক (এসআই) সাগর বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমাম হাসান জানান, ডোবা থেকে মরদেহ উদ্ধারের পর নিহতের ছেলে সোহাগ মিয়া ঘটনাস্থলে তার বাবার লাশ শনাক্ত করেন। তিনি জানান, তার বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। সেদিন ঔষধ নিয়েই বাড়ি ফিরছিলেন।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে ডোবার পানিতে পড়ে গিয়ে আর উঠতে না পেরে তার মৃত্যু হয়েছে। তবে এটি হত্যা না দুর্ঘটনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
