নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিসি-২। বুধবার (২১ অক্টোবর) বিকেলে সদর দক্ষিণ মডেল থানাধীন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনা জেলার রূপসা থানার চরমোসাবাদপুর গ্রামের আবু তাহের ফকিরের ছেলে মো. মনিরুল ইসলাম (২৫) এবং কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উত্তর বাগবের গ্রামের মনির হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম মারুফ (২০)।
এসআরবি জানায়, অভিযানের সময় তাঁদের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।
এসআরবি-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক ও উপপরিচালক সাদমান ইবনে আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এসআরবি।
