বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
বুড়িচংয়ে দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা, মোকাম ইউনিয়নে আলোচনা সভা
৯টি পূজামণ্ডপে নির্বিঘ্নে উৎসব উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষা ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ
সৌরভ মাহমুদ হারুন।।
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:৫৯ এএম |


কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা, পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মোকাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ কার্যালয়ে আয়োজিত এ সভায় ইউনিয়নের ৯টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ মো. জয়নাল আবেদীন। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুমানা শেলীর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. লিয়াকত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই ও স্থানীয় বিট পুলিশ কর্মকর্তা মো. সাঈদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. সফিকুল ইসলাম ভূঁইয়া এবং ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌতম ভৌমিক।
সভায় বক্তারা দুর্গোৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রতিটি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কতা ও পারস্পরিক সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পূজামণ্ডপের আয়োজক, স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এলাকাবাসীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ যেন নিরাপত্তাহীনতা, বিশৃঙ্খলা কিংবা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিঘ্নিত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিবেশ বজায় রেখে প্রতিটি পূজামণ্ডপে নির্বিঘ্নে পূজা উদযাপনের অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি গুজব, উসকানিমূলক প্রচার ও সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থেকে কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশের সঙ্গে যোগাযোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী রবিউল আউয়াল, ইউপি সদস্য মো. শাহ আলম ভূঁইয়া, জসিম উদ্দিন, জাকির হোসেন, শাহ আলম-২, আবাদ মিয়া, নুরুল ইসলাম, শিল্পী আক্তার,  কুলসুম আক্তার ও উপজেলা সি আর পির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।
এ ছাড়া বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চন্দন দাস, বিকাশ চৌধুরী, প্রফুল্ল সরকার, সন্তোষ সরকার, সৈলান সরকার লিটন, নয়ন সূত্রধর, ডা. যাদব সামন্ত, নয়ন চন্দ্র দাস ও বিমল ভৌমিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মোকাম ইউনিয়নের ৯টি পূজামণ্ডপে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। সবার সম্মিলিত সহযোগিতা, দায়িত্বশীলতা ও সতর্কতাই পারে ধর্মীয় এ উৎসবকে আনন্দময় ও নির্বিঘ্ন করে তুলতে-এমন প্রত্যাশা ছিল সভায়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২