চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি কমানো, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরতে মঙ্গলবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোপ ব্যবস্থাপনা অধিপ্তরের উদ্যোগে ইউএনও শাহাদাত হোসেনের নেতৃত্বে র্যালী ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিসের সদস্য, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীবৃন্দ।
জানা গেছে, ভৌগোলিক অবস্থানের কারণে চৌদ্দগ্রামসহ সারাদেশ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এসব দুর্যোগে মানুষের জীবন, সম্পদ, কৃষি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়। তবে যথাযথ পরিকল্পনা, সময়মতো সতর্কবার্তা, নিরাপদ আশ্রয়কেন্দ্র, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক এবং সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগকে সম্পূর্ণরূপে রোধ করা না গেলেও সঠিক পূর্বপ্রস্তুতি, সচেতনতা এবং সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। চৌদ্দগ্রাম উপজেলাকে যেকোনো দুর্যোগ মোকাবিলায় সক্ষম করে তুলতে প্রশাসন সবসময় প্রস্তুত রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাঠপর্যায়ের কার্যক্রম তুলে ধরেন এবং সাধারণ মানুষকে যেকোনো দুর্যোগে সতর্ক থাকার আহ্বান জানান।
