মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩
কুমিল্লার কাগজে সংবাদ প্রকাশের পর :
অবৈধ সিএনজি চালক মালিক সনাক্তে পিবিআইকে নির্দেশ
প্রতিবেদন দাখিল করতে হবে ৩০ দিনের মধ্যে
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১:১৮ এএম আপডেট: ১৩.১০.২০২৬ ১:৫২ এএম |


অবৈধ সিএনজি চালক মালিক সনাক্তে পিবিআইকে নির্দেশ নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় অপরাধ দমনে রেজিস্ট্রেশনবিহীন অবৈধ সিএনজি চালিত অটোরিকশা, চালক ও মালিকদের সনাক্ত করে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে পুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তা দ্বারা সরেজমিন তদন্ত করে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্যও নির্দেশ দেওয়া হয়। 
কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ ও আমলী আদালত-৬ (কুমিল্লা সদর দক্ষিণ) এর বিজ্ঞ বিচারক মুমিনুল হক এ আদেশ প্রদান করেন। 
কুমিল্লার মহাসড়কে নিবন্ধনহীন সিএনজি চালিত অটোরিকশার চলাচল ও লাইসেন্সবিহীন চালকদের দৌরাত্ম্য নিয়ে গতকাল ১২ অক্টোবর (সোমবার) দৈনিক কুমিল্লার কাগজে ‘রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা!’ শিরোনামে সংবাদ ছাপা হয়। প্রকাশিত সংবাদটি আদালতের নজরে আসলে এর পর্যালোচনায় বিজ্ঞ বিচারক মুমিনুল হক এই আদেশ প্রদান করেন। আদেশে তদন্ত কাজে বিআরটিএ, বিআরটিসি ও সদর দক্ষিণ মডেল থানার ওসিকে সহযোগিতার জন্য অনুলিপি প্রদান করা হয়েছে। 
আদালতের আদেশনামা সূত্রে জানা গেছে, খবর পর্যালোচনায় দেখা যায় অত্র আদালতের এক্তিয়ার অধীন সদর দক্ষিণ এলাকায় সিএনজি চালিত অটো রিক্সা কেন্দ্রিক অপরাধ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। উক্ত রাস্তায় অধিকাংশ সিএনজি চালিত অটো রিক্সা রেজিস্ট্রেশন বিহীন। আরো ভয়ংকর তথ্য হচ্ছে অধিকাংশ চালকের গাড়ি চালানোর লাইসেন্স নেই। যার কারণে কোন দুর্ঘটনা ঘটলে বা অপরাধের ঘটনা ঘটলে প্রকৃত আসামী চিহ্নিত করা যায় না। অধিকাংশ মাদকের মামলার ক্ষেত্রে রেজিস্ট্রেশন বিহীন সিএনজি চালিত বা অন্য গাড়ি ব্যবহার করা হয়। এতে প্রকৃত অভিযুক্তদের সনাক্তকরণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেগ পেতে হচ্ছে। তাছাড়া রেজিস্ট্রেশন বিহীন সিএনজি সড়কে চলাচলের কারণে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। সার্বিক বিবেচনায়, সদর দক্ষিণ থানা এলাকায় সিএনজি চালিত অটো রিক্সা কিংবা অন্য কোন গাড়ির মাধ্যমে সংগঠিত অপরাধ রোধের জন্য সমন্বিত পরিকল্পনা ও ব্যাপক তদন্ত আবশ্যক। তদন্তের ক্ষেত্রে সিএনজি চালিত রেজিস্ট্রেশন বিহীন অটো রিক্সা চিহ্নিতকরণ ও তালিকাভুক্ত, সদর দক্ষিণ এলাকায় চলাচলরত সকল সিএনজি চালিত অটো রিক্সার মালিক ও ড্রাইভার এর আইডি সংরক্ষণ, অপরাধ প্রবণ স্থান চিহ্নিত করে উক্ত স্থান সমূহের সিসিটিভি ক্যামেরার আওতায় আছে কিনা যাচাই করন, অপরাধপ্রবণ স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল নিয়মিত চালু আছে কিনা পর্যালোচনা করতে হবে বলে নির্দেশ দেয়া হয়েছে। 
এমতাবস্থায় সদর দক্ষিণ এলাকায় অপরাধ দমনের লক্ষ্যে চলাচলরত সিএনজি অটো রিক্সা, তাদের চালক, মালিক চিহ্নিতকরণ, রেজিস্ট্রেশন বিহিন গাড়ি ও লাইসেন্সবিহীন চালক সনাক্তকরণ এবং এতদো সংশ্লিষ্ট কোন আইনের অধীনে অপরাধ সংঘটিত হয়ে থাকলে তার সুনির্দিষ্ট বিবরণ, সম্পৃক্ত অপরাধীর তালিকা এবং তদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় থাকলে তাও অন্তর্ভুক্তকরণ, অপরাধ মনে কার্যকর সুপারিশ প্রণয়ন প্রভৃতি আইনানুগ কার্যক্রমের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, কুমিল্লা ইউনিট কর্তৃক তদন্ত হওয়া আবশ্যক মর্মে আদালতের কাছে প্রতীয়মান হয়। সুতরাং ও উপযুক্ত বিষয়ক পর্যালোচনা ক্রমে পুলিশ পরিদর্শক পদমর্যাদার নিম্ন নহে মনে করেন এমন কর্মকর্তা দ্বারা সরা জমিন তদন্ত করে আগামী ৩০ দিনের মধ্যে অত্র আদালতে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেয়া হয়। 
'রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা!' শিরোনামে প্রকাশিত খবরে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজনিম হত্যাকান্ডের ঘটনায় পুলিশের তদন্তে সিএনজি অটোরিকশা ও চালক জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে সদর দক্ষিণ উপজেলার ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকা থেকে সিএনজি অটোরিকশা নিয়ে অপরাধীদের ওৎপেতে থাকার বিষয় বিয়ে অটরিকশা চালক ও যাত্রীদের অভিযোগ প্রকাশ করা হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২