নিজস্ব প্রতিবেদদক: কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৩৫৩ জনকে আটক করেছে জেলা পুলিশ। রোববার (১১ অক্টোবর) মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত জেলা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে জেলা পুলিশের সব ইউনিট অংশ নেয়। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে-এমন স্থানগুলোতে অভিযান চালানো হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অভিযানে অংশ নেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ নিয়ে ৭ দফায় অভিযান চালিয়ে এখনো পর্যন্ত ২ হাজার ৬৪৫ জনকে আটক করা হয়েছে। এর আগে প্রথম দফায় ৬২৪ জন, দ্বিতীয় দফায় ২৫৪ জন, তৃতীয় দফায় ৪১৫ জন, চতুর্থ দফায় ৩৭৯ জন, পঞ্চম দফায় ৩৬৩ জন, ৬ষ্ঠ দফায় ২৫২ জনকে আটক করা হয়। তার মাঝে একদিন কুমিল্লা সদর উপজেলা , চৌদ্দগ্রাম উপজেলা এবং মনোহরগঞ্জ উপজেলার পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে তিনটি গ্যাং গ্রুপের পাঁচ লিডারকে আটক করা হয়।
রবিবার রাতে আটক ৩৫৩ জনের বিষয়েও যাচাই-বাছাই শেষে বিভিন্ন অভিযোগে ৯৭ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হযেছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কিশোর বয়সীরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
