চৌদ্দগ্রাম প্রতিনিধি: সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামেও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। প্রথম ধাপে উপজেলার ৩ ইউনিয়নে ১৬৫ জন তথ্য সংগ্রহকারী ও ১৭ জন সুপারভাইজার দিয়ে এ কার্যক্রম চলবে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে সুপারভাউজার ও তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন।
উপজেলা সমাজসেবা কার্যালয় সুত্রে জানা গেছে, সমাজকল্যান মন্ত্রণালয়ের অধীনে ফ্যামিলি কার্ড প্রকল্পে চৌদ্দগ্রাম পৌরসভাসহ ১৩ ইউনিয়নের ১,২২,৮১৭ পরিবারের তথ্য সংগ্রহ করতে ১৬৫ জন তথ্য সংগ্রহকারীকে চূড়ান্ত ও ১৯ জন তথ্য সংগ্রহকারীকে রিজার্ভ রাখা হয়েছে। এছাড়া সুপারভাইজার হিসেবে ১৭ জনকে চূড়ান্ত নির্বাচন ও ২ জনকে রিজার্ভ রাখা হয়েছে। ১৯ জন সুপারভাইজার ও ১৮৪ জন তথ্য সংগ্রহকারী মাঠ পর্যায়ে এ কাজে নিয়োজিত থাকবেন। প্রথম ধাপে উপজেলার তিনটি ইউনিয়ন চিওড়া, উজিরপুর ও শুভপুরে এই কার্যক্রম শুরু হবে।
অনুষ্ঠানে সুপারভাইজার, তথ্য সংগ্রহকারী, রাজনৈতিক দলের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন তথ্য সংগ্রহকারীদের স্বচ্ছতা বজায় রেখে সঠিক তথ্য সংগ্রহের নির্দেশ দিয়ে বলেন, তথ্য সংগ্রহে অনিয়ম হলে তথ্য সংগ্রহকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
