কুমিল্লার লালমাই উপজেলায় শারদীয় দুর্গাপূজার সর্বশেষ প্রস্তুতি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাসের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলার ১৭টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। সোমবার ১২ অক্টোবর সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, সিসি ক্যামেরা,আইনশৃঙ্খলা পরিস্থিতি, দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত, আলোকসজ্জা, এবং পূজার দিনগুলোতে সার্বিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়গুলো গুরুত্ব পায়।
সভায় মন্দির কমিটির নেতৃবৃন্দ নিজ নিজ পূজামণ্ডপের প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি পূজা উদ্যাপন নির্বিঘ্ন করতে প্রশাসনের সহযোগিতা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাস শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মন্দির কমিটির নেতৃবৃন্দকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় লালমাই থানার অফিসার ইনচার্জ মো : মিজানুর রহমান, উপজেলা আনসার কর্মকর্তা হাজেরা আক্তার,পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অমর কৃষ্ণ বণিক মানিক, বর্তমান সভাপতি পুলিন চন্দ্র ভৌমিক, সহ -সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাশ, মানিক মজুমদার, সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সুমন রায় চৌধুরী, সাধারণ সম্পাদক শম্ভু রায়, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব লোকমান হোসেন সহ মতবিনিময় সভায় উপজেলার ১৭টি পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
