কুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। এ ঘটনায় পিকআপসহ মো. জাকারিয়া ইদ্রীস (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ অক্টোবর) রাত ২টা ১০ মিনিটে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট পরিচালনা করে।
এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ছাড়া পিকআপের বডির ওপরের স্টিলের পাত কেটে বিশেষ কৌশলে তৈরি করা গোপন স্থান থেকে ৩৩টি জ্যামিতি বক্সে রাখা ১৮০টি প্যাকেটে মোট ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে পিকআপটি জব্দ করে পুলিশ।
গ্রেপ্তার জাকারিয়া ইদ্রীস কক্সবাজারের টেকনাফ উপজেলার নীলা গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও ইয়াবা এবং জব্দ করা পিকআপের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এবার ২৫২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।শুক্রবার (৯ অক্টোবর) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম চালানো হয়। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর ও তরুণ বখাটেদের উৎপাত রয়েছে এমন চিহ্নিত স্থানগুলোতে পুলিশের একাধিক ইউনিট একযোগে অভিযান চালায়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি উপস্থিত থেকে তদারকি করেন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, অভিযানে মোট ২৫২ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, কিশোর গ্যাং দমনে জেলা পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে গত ১৫ দিনে ছয় দফায় অভিযানে মোট দুই হাজার ২৯১ জনকে আটক করেছে কুমিল্লার আইনশৃঙ্খলা বাহিনী।
