শনিবার ● ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩
১০টি মোটরসাইকেলে এসে গাড়িতে গুলি, ৩ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১:৫৫ এএম আপডেট: ১০.১০.২০২৬ ২:১৪ এএম |


গাজীপুরের শ্রীপুরে মোবাইলফোনে আর্থিক সেবার (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের এজেন্ট প্রতিষ্ঠানের টাকা বহনকারী একটি প্রাইভেট কারে গুলি চালিয়ে তিন কোটি টাকার বেশি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির এক হিসাব ব্যবস্থাপক গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া গাড়ির চালককে মারধর এবং অপর এক কর্মকর্তাকে চাপাতি দিয়ে কোপানোর অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম মো. হিমেল (২৯)। তিনি শ্রীপুরের বেড়াইদের চালা গ্রামের জসিম উদ্দিনের ছেলে। হিমেল শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবস্থিত ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ শ্রীপুর লিমিটেড’ নামের বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। আহত অপর কর্মকর্তার নাম মো. ফাহাদ। তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, প্রায় ১০টি মোটরসাইকেলে করে এসে ছিনতাইকারীরা গাড়িটির গতিরোধ করে। পরে চাপাতি দিয়ে গাড়ির কাচ ভেঙে গুলি চালিয়ে টাকার তিনটি বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায় তারা। পুরো ঘটনা এক থেকে দুই মিনিটের মধ্যে ঘটে বলে দাবি করেছেন গাড়িতে থাকা লোকজন।
ঘটনার সময় গাড়িতে থাকা প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন অফিসের সুপারভাইজার মো. রিফাত বলেন, নরসিংদীর একটি ডিস্ট্রিবিউশন অফিস থেকে নগদ টাকা আনতে তাঁরা শুক্রবার বেলা দেড়টার দিকে প্রাইভেট কার নিয়ে সেখানে পৌঁছান। জুমার নামাজের পর টাকা সংগ্রহ করে বিকেল সাড়ে চারটার দিকে মাওনা চৌরাস্তার উদ্দেশে রওনা হন তাঁরা।
রিফাতের ভাষ্য, তাঁদের বহনকারী গাড়িটি কর্ণপুর এলাকায় পৌঁছানোর পর প্রায় ১০টি মোটরসাইকেলে করে একদল ব্যক্তি তাঁদের গাড়ির গতিরোধ করে। একপর্যায়ে গাড়িটি থামাতে বাধ্য হন তাঁরা। এরপর ছিনতাইকারীরা চাপাতি দিয়ে গাড়ির কাচ ভেঙে হিমেলকে গুলি করে। এতে তাঁর পেটে গুলি লাগে। এ সময় গাড়িচালককে মারধর করা হয় এবং গাড়িতে থাকা ফাহাদকে চাপাতি দিয়ে কোপানো হয়। পরে গাড়ির পেছনে রাখা তিন বস্তা টাকার মধ্যে দুটি বস্তা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এই দুই বস্তার মধ্যে তিন কোটি টাকার বেশি ছিল।
রিফাত আরও বলেন, মারধরে চালক আহত হলে আহত ফাহাদ গাড়ি চালিয়ে গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার বলেন, গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, গুলি করে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২