
কুমিল্লার দাউদকান্দিতে ৬৪ কেজি গাঁজা ও একটি কাভার্ডভ্যানসহ উমর ফারুক (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টা ১০ মিনিটে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে টোলপ্লাজা এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. খলিলুর রহমানের দিকনির্দেশনায় দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কে চেকপোস্ট বসান। এ সময় দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে একটি কাভার্ডভ্যান তল্লাশি করে দুটি বস্তায় মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে কাভার্ডভ্যানসহ উমর ফারুককে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার উমর ফারুক কুমিল্লার বরুড়া থানার বাঘমারা এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
