
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তিনটি কিশোর গ্যাং গ্রুপের পাঁচ সক্রিয় মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান। তিনি জানান, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনমনে স্বস্তি ফেরাতে পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় কুমিল্লায় কিশোরগ্যাং বিরোধী ধারাবাহিক অভিযান চলছে। এরই অংশ হিসেবে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হচ্ছে- কোতোয়ালি থানা এলাকার ‘স্ম্যাশ স্কোয়াড’ গ্যাংয়ের জিসান (১৯) ও সাইফুল ইসলাম (২০), চৌদ্দগ্রাম থানা এলাকার ‘১২০৭’ গ্যাংয়ের মো. তারেক হোসেন সৈকত (১৯) ও মো. জাফর আহমদ (২৩) এবং মনোহরগঞ্জ থানা এলাকার ‘চঢ ১০’ গ্যাংয়ের মো. শাকিব (১৭)।
পুলিশ বলছে, প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তিদের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, মারামারি ও আতঙ্ক সৃষ্টির সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে তারেক হোসেন সৈকত একটি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য বলেও জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কুমিল্লাজুড়ে কিশোর গ্যাং বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জেলার ১৮ থানায় এখনো পর্যন্ত পাঁচ দফায় অভিযান চালিয়ে ২ হাজার ৩৫জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে থেকে যাচাই-বাছাই শেষে ১ হাজার ৪০৯ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি ৬২৬ জনকে অপরাধ সংশ্লিষ্টতায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
