
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুমিল্লা মহানগরী জামায়াত লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে।
সোমবার বিকেল ৫টায় কুমিল্লা আদালত এলাকায় লিফলেট বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে নগরীর বিভিন্ন সড়ক ও এলাকায় সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে নেতাকর্মীরা। কর্মসূচি ১ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া এলাকায় গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন সরকার বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না; এ জন্য জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ি-ঘর, আশপাশের পরিবেশ ও পানি জমে থাকার স্থান নিয়মিত পরিষ্কার রাখার জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।
কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সেক্রেটারি মো. মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কাউন্সিলর মোশাররফ হোসাইন, অ্যাডভোকেট রেজাউল করিম, জামায়াত নেতা কাজী নজির আহমেদ, কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়াসহ মহানগরী জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতাকর্মীরা নগরবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও নিজ নিজ বাসাবাড়ির পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
