
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ২নং সরসপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন ভূঁইয়ার সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, গ্রাম, হাট-বাজার ও পাড়া-মহল্লা প্রদক্ষিণ করে শোডাউনটি লক্ষণপুর পশ্চিম বাজারে গিয়ে শেষ হয়। এতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোডাউনে শতাধিক মোটরসাইকেল ও তিন শতাধিক ইজিবাইক অংশ নেয়।
শোডাউন চলাকালে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় বাসিন্দাদের অনেকে হাত নেড়ে অংশগ্রহণকারীদের স্বাগত জানান। পরে লক্ষণপুর পশ্চিম বাজারে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন ভূঁইয়া তার বক্তব্যে বলেন, ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে তিনি একটি মাদকমুক্ত উন্নয়ন সমৃদ্ধ মডেল সরসপুর ইউনিয়ন গড়ে তুলতে চান।জনগণের ভালোবাসা ও সমর্থনে আগামী নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।এ সময় বক্তারা বলেন, আনোয়ার হোসেন ভূঁইয়া দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন। তাঁর সেই কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততা নির্বাচনে প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম এমপি যোগ্য প্রার্থীকে মনোনীত করেছেন। আনোয়ার হোসেন ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ায় তারা দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।উল্লেখ্য, দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে আসছেন।